রেডিও-টিভিতে এরশাদের জন্য ৪৫ মিনিট চায় জাপা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার জন্য রেডিও-টেলিভিশনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের জন্য ৪৫ মিনিট সময় বরাদ্দের দাবি জানানো হয়েছে। আজ রোববার জাপার ১২ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদের সঙ্গে দেখা করে এ দাবি জানায়। প্রতিনিধিদলে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য চলচ্চিত্র ব্যক্তিত্ব মাসুদ পারভেজ সোহেল রানা, এস এম ফয়সল চিশতী প্রমুখ।
পরে এস এম ফয়সল চিশতী সাংবাদিকদের বলেন, তাঁরা মনোনয়নপত্র দাখিলের সময় অন্তত ১০ দিন বাড়ানোর দাবি জানিয়েছেন। এ ছাড়া জাপা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের রদবদল করার দাবি জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে। জাতীয় পার্টি নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানায় মন্তব্য করে ফয়সল চিশতী বলেন, কমিশনের কাছে জাতীয় পার্টি নির্বাচনে সেনা মোতায়েন চেয়েছে। মোতায়েন করা সেনাদের নতুন সরকার ক্ষমতা নেওয়ার আগ পর্যন্ত বহাল রাখার সুপারিশও জাপা করেছে।জাতীয় পার্টির অন্য দাবিগুলোর মধ্যে আছে—প্রত্যেক প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা এবং মনোনয়নপত্রের ছোটখাটো ত্রুটি নমনীয়ভাবে দেখা।