রেডিও টুডের সাংবাদিককে মারধর
রাজধানীর হাইকোর্ট এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে দুর্বৃত্তদের মারধরে একজন সাংবাদিক আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাধীন আছেন। মারধরের শিকার ওই সাংবাদিকের নাম এস এম আলমগীর। তিনি রেডিও টুডের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন। আলমগীর প্রথম আলোকে বলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র। গতকাল ক্লাস শেষে পেশাগত কাজে হেঁটে পুরান ঢাকায় যাচ্ছিলেন। শিক্ষা ভবনের সামনে গেলে এক যুবকের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এতে ওই যুবক ক্ষিপ্ত হয়ে তাঁর শার্টের কলার ধরে টেনেহিঁচড়ে একপাশে নিয়ে যায়। এরপর তিনি ও তাঁর ছয়-সাতজন সঙ্গী তাঁকে কিল-ঘুষি-লাথি মারতে থাকে। পরে তিনি দৌড়ে প্রেসক্লাবের সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে নয়টার দিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।