রেডিওথেরাপি নিচ্ছেন সৈয়দ শামসুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ শামসুল হক
সৈয়দ শামসুল হক

কবি ও লেখক সৈয়দ শামসুল হকের রেডিওথেরাপি শুরু হয়েছে যুক্তরাজ্যের লন্ডনের রয়্যাল মার্সডেন হাসপাতালে। গত মঙ্গলবার সেখানে চিকিৎসক ম্যাকডোনাল্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয়।
সৈয়দ শামসুল হক প্রথম আলোকে জানিয়েছেন, মঙ্গলবার শুরু হওয়া রেডিওথেরাপি পাঁচ দিন ধরে চলবে। এরপর আগামী বুধবার থেকে চেলসি অ্যান্ড ওয়েস্টমিনস্টার হাসপাতালে তাঁর কেমোথেরাপি শুরু হবে। সেখানে ক্যানসার বিশেষজ্ঞ নিউসাম ডেভিসের তত্ত্বাবধানে কেমোথেরাপি চলবে। শামসুল হক বলেন, তিন সপ্তাহ ধরে চিকিৎসা হবে। তবে কয়টি ধাপে চিকিৎসা হবে তা এখনো জানানো হয়নি।
শামসুল হক বলেন, চিকিৎসায় তিনি ভালো ফল পাচ্ছেন। তবে ক্লান্ত লাগছে। প্রিয় শহর ঢাকা ও তাঁর বন্ধুদের কথা ভীষণ মনে পড়ছে তাঁর।
শামসুল হক বলেন, ‘ক্যানসার আমাকে পরাজিত করতে পারবে না। আমি নিশ্চয়ই আমার বন্ধুদের কাছে ফিরে যাব। আবার আগের জীবনে ফিরে যাব।’
এর আগে গত এপ্রিলে সৈয়দ শামসুল হক লন্ডনে চিকিৎসক দেখিয়েছিলেন। তখন তাঁর ফুসফুসে ক্যানসার ধরা পড়ে।