রেডিওথেরাপি বন্ধ দুই বছর ধরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোবাল্ট-৬০ যন্ত্রটি নষ্ট। এর ফলে ক্যানসারের চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে এই অঞ্চলের রোগীরা। তারা বাধ্য হয়ে বেশি খরচে বাইরে থেকে রেডিওথেরাপি নিচ্ছে।
জানা গেছে, কোবাল্ট-৬০ যন্ত্রটি দুই বছর আগেই সরবরাহের অনুমোদন মিললেও রহস্যজনক কারণে এখনো এটি হাসপাতালে আসেনি। এমনকি স্বাস্থ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পরও নয়।
রাজশাহী মেডিকেল কলেজের এমফিলের একজন ছাত্র বলেন, এখানে যাঁরা উচ্চতর পড়াশোনা করছেন, যন্ত্রপাতি না থাকায় তাঁদের গবেষণা ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের ঢাকায় বিভিন্ন হাসপাতালে গিয়ে গবেষণার কাজ করতে হয়। রাজশাহী মেডিকেল কলেজে এমফিল ও এমডি (ডক্টর অব মেডিসিন) পর্যায়ে উচ্চতর পড়াশোনার ব্যবস্থা রয়েছে। অথচ ভালো যন্ত্রপাতি এখানে নেই। লিন্যাক যন্ত্র না থাকায় চামড়ায় ক্যানসারের চিকিৎসা করা যায় না।
হাসপাতাল সূত্র জানায়, ঢাকার বাইরে শুধু রাজশাহী মেডিকেল কলেজেই এমফিল ও এমডি-রেডিওথেরাপি (অনকোলজি) ডিগ্রি দেওয়া হয়। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পাশাপাশি প্রতিদিন এক থেকে দেড় শ ক্যানসার রোগীর চিকিৎসা দেওয়া হয় এখানে। এ জন্য ১৯৯৬ সালে স্থাপিত চীনের তৈরি ‘কোবাল্ট-৬০’ যন্ত্রটিই ছিল একমাত্র ভরসা। ২০১৩ সালের শেষের দিকে যন্ত্রটির কার্যক্ষমতা শেষ হয়ে আসে। একপর্যায়ে যন্ত্রটি সম্পূর্ণ অচল হয়ে যায়।
সূত্রটি জানায়, বর্তমানে হাসপাতালে একমাত্র জরায়ু ক্যানসারের চিকিৎসার জন্য ব্রেকি থেরাপির ব্যবস্থা থাকলেও এই থেরাপি দেওয়ার মতো কোনো বিশেষজ্ঞ নেই। আবার শুধু ব্রেকি থেরাপি দিলেই হয় না। এরপর রেডিওথেরাপিও দিতে হয়। ফলে ব্রেকি থেরাপির ব্যবস্থা থেকেও রোগীদের কোনো লাভ হচ্ছে না।
স্তন ক্যানসারে আক্রান্ত একজন রোগীর থেরাপি দিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ থেকে ছয় হাজার টাকা হলেই হতো বলে জানান কয়েকজন চিকিৎসক। কিন্তু এখন ঢাকায় সেই একই থেরাপির জন্য একজন রোগীকে লাখ টাকা গুনতে হয়।
হাসপাতালের পক্ষ থেকে ২০১৩ সালের জুলাইয়ে কোবাল্ট-৬০ ও লিন্যাক যন্ত্রের চাহিদা পাঠানো হয়। এরপর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে ৩ সেপ্টেম্বর কানাডার তৈরি একটি কোবাল্ট-৬০ যন্ত্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিস্থাপনের জন্য কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালককে চিঠি দেওয়া হয়। মন্ত্রণালয়ের উপসচিব আবদুল মালেক এতে স্বাক্ষর করেন। এর অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক থেকে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়। কিন্তু অজ্ঞাত কারণে যন্ত্রটি এখনো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সরবরাহ করা হয়নি।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম রফিকুল ইসলাম বলেন, ‘কয়েক মাস আগে রাজশাহীতে স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন। তাঁকে বিষয়টি জানানো হয়েছে। তিনি তাৎক্ষণিকভাবে জানতে চেয়েছিলেন বসানোর ব্যবস্থা আছে কি না। আমরা সঙ্গে সঙ্গে বসানোর বিষয়টি নিশ্চিত করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত যন্ত্রটি সরবরাহ করা হয়নি।’