রেডিওলজি বিভাগে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগে প্রায় ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বিভাগের তিনজন কারিগরি কর্মী (মেডিকেল টেকনোলজিস্ট) ওই টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ উঠেছে।
রেডিওলজি বিভাগের এক অধ্যাপকের লিখিত অভিযোগের পর ৯ জুলাই হাসপাতালের পরিচালক মু কামরুল হাসান এ বিষয়ে হাসপাতালের উপপরিচালক (অর্থ) শহিদুল আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন। কমিটির অন্য সদস্যরা হলেন রেডিওলজিস্ট মুজিবুর তালুকদার ও আল মামুন।
কমিটিকে ১৩ জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। গত ১৫ জুলাই যোগাযোগ করা হলে হাসপাতালের পরিচালক কামরুল হাসান জানান, তদন্ত কমিটি আরও এক সপ্তাহ সময় চেয়েছে। গতকাল পর্যন্ত তারা তদন্ত প্রতিবেদন জমা দেয়নি।
লিখিত অভিযোগ ও হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, প্রতিদিন ওই বিভাগে ৩০ থেকে ৩৫ জন রোগীর সিটি স্ক্যান করা হয়। কোনো কোনো দিন এই সংখ্যা ৫০ ছাড়িয়ে যায়। প্রতিটি সিটি স্ক্যানের জন্য রোগীর কাছ থেকে দুই হাজার টাকা করে নেওয়া হয়। তাওহিদুল আলমসহ তিনজন টেকনিশিয়ান অর্থ আদায়সহ সিটি স্ক্যানের কাজের সঙ্গে যুক্ত। কিন্তু গত ছয় মাস ধরে তারা দৈনিক সিটি স্ক্যান সংখ্যা কমিয়ে ১০-১৫টি দেখিয়ে আসছে। এ ছাড়া রোগীদের স্লিপে দুই হাজার টাকা লিখলেও হাসপাতালের জমা বইয়ের মুড়িতে (কাউন্টার পার্ট) মাত্র ৫০ বা ১০০ টাকা লিখে বাকি টাকা তাঁরা আত্মসাৎ করেন।
অভিযোগে বলা হয়, দৈনিক গড়ে ৩৫টি সিটি স্ক্যান হলে দিনে ৭০ হাজার টাকা আয় হওয়ার কথা। শুক্রবার বাদ দিলেও মাসে এ খাত থেকে অন্তত ১৮ লাখ টাকা আয় হওয়ার কথা। কিন্তু বাস্তবে অর্ধেক টাকাও হাসপাতালের কোষাগারে জমা হয়নি। এই প্রক্রিয়ায় চক্রটি গত ছয় মাসে ৪০ থেকে ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করা হয়।
রেডিওলজিস্ট বিভাগ সূত্র জানায়, গত ছয় মাস বিভাগের চিকিৎসক ও কর্মকর্তারা নানা কারণে ছুটিতে ছিলেন। এই সুযোগে রেডিওগ্রাফার মো. তাওহীদুল আলম ও মো. তৈয়ব আলী শরীফ এবং অভ্যর্থনাকারী সৈয়দ মাকসুদ আলম শামীমের যোগসাজশে এই অর্থ আত্মসাৎ করা হয়। সাম্প্রতিক সময়ে বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে। এরপর তাঁরা অর্থ আদায়ের রেজিস্টার খাতা, রসিদ বইয়ের মুড়ি পরীক্ষা করেন। তাতে ব্যাপক গরমিল ধরা পড়ে। এমনকি জানুয়ারি মাসের রেজিষ্টার বই খুঁজেই পাওয়া যায়নি। বাকি পাঁচটি খাতার হিসাব অনুযায়ী কমপক্ষে ৫০ লাখ টাকার হিসাবে গরমিল ধরা পড়ে।
রেডিওলজি বিভাগের এক চিকিৎসকের কাছে হাতেনাতে একবার ধরা পড়েন টেকনিশিয়ান তাওহিদুল আলম। ওই সময় রোগীর স্লিপে দুই হাজার টাকা লিখলেও হাসপাতালের স্লিপে লেখেন মাত্র ৫০ টাকা। এ ঘটনায় তাৎক্ষণিক ক্ষমাও চান তাওহিদ।
এ ব্যাপারে তাওহিদুল আলমের মুঠেফোনে একাধিক দিন কথা বলার চেষ্টা করে তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে।
তদন্ত কমিটির প্রধান উপপরিচালক (অর্থ) ডা. শহিদুল আলম প্রথম আলোকে বলেন, তদন্তের জন্য সময় বাড়ানোর অনুরোধ করা হয়েছে। এই মুহূর্তে আর কিছু বলা যাবে না।
অভিযোগ উঠেছে, তিন কর্মী ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য নানাভাবে দেনদরবার করছেন। তাঁরা তদন্ত কমিটির সদস্য ছাড়াও হাসপাতালের পরিচালকের কাছেও ধরনা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
তবে পরিচালক ডা. মু. কামরুল হাসান ওই অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, অর্থ আত্মসাতের ঘটনার মূল রুট বের করতে হবে। এখনই কথা বললে অভিযুক্তরা সতর্ক হয়ে যাবে। তা ছাড়া তাঁরা বিভিন্নভাবে পয়সা খরচ করে ম্যানেজ করার চেষ্টাও করতে পারেন।