রেডিমেড দরজি শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেডিমেড পোশাক দরজি শ্রমিকদের মজুরি হার বাড়ানো ও নিয়মিত মজুরি পরিশোধের দাবিতে শ্রমিক সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের ঢাকা মহানগর শাখা। গতকাল রোববার বেলা সাড়ে তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, পুরান ঢাকা ও কেরানীগঞ্জের কারখানায় দেশের বেশির ভাগ রেডিমেড পোশাক তৈরি ও সরবরাহ করা হয়। এসব ছোট কারখানায় ২০ থেকে ৩০ জন করে শ্রমিক কাজ করেন। কিন্তু ১৫ বছর ধরে কারখানার শ্রমিকদের মজুরি বাড়ানো হয়নি।
বক্তারা বলেন, প্রতিটি ফুল ও হাফশার্ট সেলাই বাবদ শ্রমিকেরা মজুরি পান যথাক্রমে মাত্র ১৩ ও ১১ টাকা। অথচ এসব শার্ট খুচরা বাজারে গড়ে ২০০ থেকে ২৫০ টাকা দামে বিক্রি হয়। অবিলম্বে এই মজুরি ৩০ ও ২৫ টাকা নির্ধারণ করতে হবে।
ফখরুদ্দিন কবিরের সভাপতিত্বে সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল রায় প্রমুখ বক্তব্য দেন।