প্রবেশপত্র না পাওয়ায় রাজধানীর ধানমন্ডির রেডিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের ২৯ শিক্ষার্থী ‘এ’ এবং ‘ও’ লেভেলের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে পারছে না। আজ বৃহস্পতিবার থেকে এসব পরীক্ষা শুরু হচ্ছে। সন্তানদের শিক্ষাজীবন থেকে একটি বছর হারিয়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। গতকাল বুধবার রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মিলনায়তনে রেডিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষের আয়োজনে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। ২ জানুয়ারি বিদ্যালয় ভবনের মালিকের লোকজন বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে হামলা, ভাঙচুর ও লুটপাট করার অভিযোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ‘এ’ লেভেল পরীক্ষার্থী গিয়াসউদ্দিন আহমেদ এবং ‘ও’ লেভেল পরীক্ষার্থী অনিক হাসান প্রথম আলোকে জানায়, পরীক্ষার হলে তাদের প্রবেশপত্র ও পাসপোর্ট নিয়ে যেতে হয়। নইলে পরীক্ষা দেওয়া যায় না। পাসপোর্ট থাকলেও তাদের হাতে প্রবেশপত্র নেই। এ কারণে তাদের পরীক্ষায় অংশ নেওয়া হচ্ছে না।বিদ্যালয়ের চেয়ারম্যান জুলফিকার সিরাজ বলেন, “এখানে পাঁচ শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করে। বিদ্যালয় ভবন ভাঙচুর ও লুটপাটের কারণে তাদের পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ২৯ জন শিক্ষার্থী ‘এ’ লেভেল এবং ‘ও’ লেভেল চূড়ান্ত পরীক্ষা দিচ্ছে। তাদের প্রবেশপত্রও বিদ্যালয়ে আছে। বিদ্যালয় কর্তৃপক্ষকে সেখানে যেতেও দেওয়া হচ্ছে না। এসব শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে।” বাড়ির মালিক হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ের সাবেক মালিক নাজমা ইয়াসমিনের সঙ্গে ২০১০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি ছিল। সেই চুক্তি শেষ হয়ে গেছে। বর্তমান কর্তৃপক্ষের সঙ্গে কোনো চুক্তি হয়নি। তাঁরা যেসব কাগজপত্র দেখাচ্ছেন সবই জাল।