কুমিল্লার হোমনা উপজেলায় অবস্থিত গ্রামীণ মৎস্য বীজ উৎপাদন খামারটিতে প্রায় ২৩ বছর ধরে রেণু উৎপাদন করা হচ্ছে না। ১৯৯৫ সালে বন্যায় কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে এ অবস্থা চলছে। এটি কুমিল্লা জেলার একমাত্র মৎস্য বীজ উৎপাদন খামার।
সরেজমিনে গত বুধবার দেখা গেছে, হোমনা বিএডিসির পেছনে মৎস্য প্রজননকেন্দ্রটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। খামারে একটি প্রজনন খামার, উঁচু পানির ট্যাংক, একতলা কোয়ার্টার ও ছোট-বড় সাতটি পুকুর রয়েছে। পুকুরগুলোর পানি প্রায় শুকিয়ে গেছে।
ছয়ফুল্লাকান্দি গ্রামের রব মিয়া বলেন, ‘মাছের পোনা বন্ধ হইয়া যাওনের পর এইখানে জঙ্গল হইয়া গেছে। আর কোয়ার্টারে সাপ আছে। এইখানে মানুষ দিনের বেলায়ও যাইতে ভয় পায়।’
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মৎস্য অধিদপ্তর উপজেলার ওপারচর গ্রামে ১৯৮৯ সালে প্রায় পাঁচ একর জমির ওপর খামারটি প্রতিষ্ঠা করে। এতে একটি প্রজননকেন্দ্র ও সাতটি পুকুর রয়েছে। প্রজননকেন্দ্রটি থেকে জেলার হোমনা, দাউদকান্দি, তিতাস, মেঘনা, মুরাদনগর এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার প্রায় ১০ হাজার মৎস্যচাষি মাছের পোনা নিতেন। শুরু থেকেই প্রজননকেন্দ্রটি উপজেলা পরিষদের আওতাধীন ছিল। পরে ১৯৯৪ সালে তা বাতিল করা হয়। ওই বছর থেকেই স্থানীয় লোকজনের কাছে কেন্দ্রটি ইজারা দেওয়া হয়। ১৯৯৫ সালে কেন্দ্রটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এরপর সেটি সংস্কার হয়নি। তখন থেকে মৎস্য বীজ উৎপাদন বন্ধ রয়েছে।
দৌলতপুর গ্রামের মৎস্যচাষি নকুল দাস বলেন, তিনি প্রতিবছর তিন-চার লাখ টাকার রেণু কেনেন। হোমনার মাছের বীজ উৎপাদন কেন্দ্র থাকলেও সেখানে রেণু হয় না। তাই তাঁকে ৪০-৫০ কিলোমিটার দূর থেকে রেণু কিনে আনতে হচ্ছে। আর এতে খরচ বেশি হচ্ছে। হোমনার কেন্দ্রটি চালু হলে তাঁর খরচ কমে যাবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা বদিউল আলম বলেন, খামারে রেণু কিনে নিয়ে নার্সিং করে পোনা হওয়ার পর তা বিক্রি করা হচ্ছে। এখানে কোনো বীজ উৎপাদন করা হচ্ছে না। বীজ উৎপাদন করতে অবকাঠামো সংস্কার করা লাগবে। আর লোকবলও দরকার।
চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক কাজী ইকবাল আজম বলেন, হোমনার মৎস্য বীজ উৎপাদন খামারটি অত্যন্ত জরাজীর্ণ। এতে মাছের বীজ উৎপাদন হচ্ছে না। এটি চালু করতে সম্প্রতি একটি প্রকল্প মৎস্য অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রকল্পটি অনুমোদন পেলে খামারটি সংস্কার করা হবে।