রেণু বিক্রির টাকা আত্মসাৎ, কর্মকর্তাকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের (ফিশ হ্যাচারি) এক কর্মকর্তার বিরুদ্ধে রেণু বিক্রির টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে তাঁকে ৭ ডিসেম্বর চৌমুহনী মৎস্যবীজ উৎপাদন খামারে বদলি করেছে কর্তৃপক্ষ।

ওই কর্মকর্তার নাম কামাল উদ্দিন। তিনি ওই কার্যালয়ে সম্প্রসারণ সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। এ বিষয়ে কামাল উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি ভুল করে ফেলেছি। আগে বুঝতে পারিনি।’

বিষয়টি জানতে পেরে মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা জসিম উদ্দিন ৬ ডিসেম্বর কামাল উদ্দিনকে রেণু বিক্রির টাকা আত্মসাতের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেন। তিন দিনের মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়। কামাল উদ্দিন ৮ ডিসেম্বর নোটিশের জবাব দিয়ে নিজের দোষ স্বীকার করে নেন।