রেদওয়ানুল ও তাঁর সহযোগী পাঁচ দিনের রিমান্ডে
ব্লগার আহমেদ রাজীব হায়দারকে শনাক্ত করা, তাঁকে হত্যার জন্য অন্যদের উদ্বুদ্ধ করা, হত্যাকাণ্ড বাস্তবায়নের দল গঠন—এসব কাজের পরিকল্পনা ও সমন্বয় করেছিলেন রেদওয়ানুল আজাদ ওরফে রানা। রাজীব হত্যাকাণ্ডে সাজা পাওয়া আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এভাবেই রেদওয়ানুলের বিষয়ে বলেছেন।
রেদওয়ানুল আজাদ ও তাঁর সহযোগী আশরাফুল ইসলামকে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গতকাল মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এই দুজনকে আগের দিন মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো হয়। এরপর তাঁদের গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। দুজনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মনিরুল ইসলাম আদালতে দেওয়া রিমান্ড আবেদনে বলেন, আসামিরা উত্তরা পশ্চিম থানাধীন বায়তুল নূর মসজিদের সামনে জড়ো হয়ে সরকার ও রাষ্ট্রবিরোধী ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনার জন্য গোপন বৈঠকে মিলিত হন। সেখান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রেদওয়ানুলের কাছে রাজীব হত্যা সম্পর্কে আরও অনেক কিছু জানার আছে বলে মনে করেন ব্লগার রাজীবের বাবা নাজিম উদ্দীন। তিনি প্রথম আলোকে বলেন, রেদওয়ানুল মূল পরিকল্পনা করেছে। সে একটা শিক্ষিত ছেলে, সে নিজের ইচ্ছায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছে নাকি তার ওপরে আরও কেউ ছিল; এসব তথ্য জানতে হবে ও গণমাধ্যমে প্রকাশ করতে হবে।