রেদোয়ান আহমেদ চিহ্নিত সন্ত্রাসী, দুর্নীতিবাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ রেদোয়ান আহমেদ একজন সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও সংখ্যালঘু নির্যাতনকারী। ২০০৮ সালের নির্বাচনে হেরে তিনি এখন ষড়যন্ত্রে মেতে উঠেছেন। গত মঙ্গলবার কুমিল্লায় এক সংবাদ সম্মেলনে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের নেতারা এ অভিযোগ করেন।কুমিল্লা শহরের কান্দিরপাড়ে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাংসদ মো. আলী আশরাফের পক্ষে সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ। গত ১৬ এপ্রিল রেদোয়ান আহমেদ কুমিল্লায় এক সংবাদ সম্মেলনে সাংসদ আলী আশরাফের বিরুদ্ধে কলেজ ধ্বংস ও ইটভাটায় চাঁদা দাবির অভিযোগ করেন। মহিউদ্দিন আহম্মেদ বলেন, আলী আশরাফের বিরুদ্ধে রেদোয়ান যেসব অভিযোগ করেছেন, তা পুরোপুরি মিথ্যা। সম্মেলনে আরও বক্তব্য দেন কুমিল্লা আওয়ামী লীগের নির্মল চন্দ্র দাস, মো. শহিদ উল্লাহ, যুবলীগের মো. জসিম উদ্দিন, জাতীয় পার্টির মো. লুৎফুর রেজা প্রমুখ। এদিকে রেদোয়ান আহমেদ মুঠোফোনে বলেন, ‘আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ মেলেনি। ২০০১ সালের নির্বাচনের পর চান্দিনায় যখন সংখ্যালঘুদের নির্যাতন করা হয়, আমি তখন তাদের পাশে ছিলাম।’ সাংসদ আলী আশরাফ বলেন, ‘ব্যক্তিগতভাবে ব্যস্ত থাকায় আমার পক্ষে উপজেলা আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করে।’