রেদোয়ানের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক চারদলীয় জোট সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।গত সোমবার কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাশ্বর এলাকায় রেদোয়ানের মালিকানাধীন ‘দি লাইট হাউজ’ রেস্তোরাঁর বাথরুম থেকে ১৪ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় ওই দিন রাতে চান্দিনা থানায় মামলা করা হয়।মামলার অন্য দুই আসামি হলেন ওই রেস্তোরাঁর ব্যবস্থাপক নাসির উদ্দিন ও কর্মচারী বিল্লাল হোসেন। ফেনসিডিল উদ্ধারের সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।এ ব্যাপারে চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোহাম্মদ নূর বলেন, সোমবার বেলা সোয়া দুইটার দিকে ‘দি লাইট হাউজ’ রেস্তোরাঁয় অভিযান চালান চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন। ওই সময়ে রেস্তোরাঁর একটি বাথরুমে ১৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়। ফেনসিডিল বিক্রি ও দখলে রাখার অভিযোগে রেস্তোরাঁর নাসির ও বিল্লালকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। রাতে রেস্তোরাঁর মালিক রেদোয়ানকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।জানতে চাইলে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সাংসদ রেদোয়ান আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ষড়যন্ত্রমূলকভাবে আমাকে ফাঁসাতে (কুমিল্লা-৭ আসনে আওয়ামী লীগের সাংসদ) মো. আলী আশরাফ এমপি ওই কাজ করিয়েছেন। প্রকৃত ঘটনা হলো, মহাসড়কের পাশে আমার রেস্তোরাঁ। সেখানে অনেক লোক খেতে আসেন। সোমবার দুপুরে হালিম নামের চান্দিনার এক লোক দুজন নারী নিয়ে খেতে আসার পরপরই ম্যাজিস্ট্রেট ও পুলিশ গিয়ে তল্লাশি চালায় এবং বাথরুমের মধ্যে ফেনসিডিল পায়।’অভিযোগের ব্যাপারে সাংসদ আলী আশরাফ প্রথম আলোকে বলেন, ‘এর আগে গত জরুরি অবস্থার সময় ঢাকায় রেদোয়ানের বাড়িতে মাদকদ্রব্য পাওয়া গিয়েছিল। চান্দিনায় তাঁর রেস্তোরাঁ থেকে ফেনসিডিল উদ্ধারের ঘটনায় আমার সংশ্লিষ্টতা নেই।’