রেদোয়ানের মৃত্যু গাড়ি চাপায়, আজ সিন্ডিকেটে ওঠবে প্রতিবেদন
গাড়ির চাপায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ রেদোয়ানের মৃত্যু হয়। তবে এ ঘটনার সূত্রপাতের জন্য বিআরটিসি ও হিমালয় পরিবহনের শ্রমিকেরাই দায়ী—এমনটাই মনে করছে রেদোয়ান হত্যার ঘটনায় গঠিত বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। কমিটি আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তদন্ত প্রতিবেদন উপস্থাপন করবে।কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন অর রশিদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, আন্তরিকতার সঙ্গে কাজ করে ১৪ কার্যদিবসের মধ্যেই কমিটি তদন্ত প্রতিবেদন তৈরি করেছে। আজ সিন্ডিকেট সভায় প্রতিবেদনটি উপস্থাপন করা হবে। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।কমিটির একাধিক সদস্য গতকাল প্রথম আলোকে জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে কমিটি মনে করছে, গাড়ি চাপায় রেদোয়ানের মৃত্যু হয়েছে।জানা যায়, ১৫ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে ১৩টি সুপারিশ করেছে কমিটি। এর মধ্যে রেদোয়ান হত্যার ঘটনায় বিআরটিসির কাছ থেকে ক্ষতিপূরণ চাওয়ার কথাও রয়েছে।