বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার ঘোষিত ‘ফাইনাল খেলা’ হলো নির্বাচনের মাধ্যমে এই সরকারকে হটানো। তবে রেফারি সরকারদলীয় হলে বিএনপি সে খেলায় অংশ নেবে না।গতকাল শুক্রবার বিকেলে বিএনপির মহানগর কার্যালয়ের ভাসানী মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ওলামা দল এ আলোচনা সভার আয়োজন করে।মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া মহাসমাবেশে বলেছেন, এই সরকারকে আর সময় দেওয়া যাবে না। গতকালও তিনি বলেছেন, “আমরা ফাইনাল খেলা খেলতে চাই।” সেই ফাইনাল খেলা হলো নির্বাচনের মাধ্যমে সরকারকে হটানো। তবে সেই খেলার জন্য লেভেল প্লেইং ফিল্ড দরকার। রেফারি, লাইনসম্যান সব সরকারদলীয় হলে আমরা সে খেলা খেলব না।’ তিনি বলেন, নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বর্তমান সরকারের ওপরে গণতন্ত্রের খোলস থাকলেও ভেতরে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই দেশ রক্ষার জন্য এই ছদ্মবেশী বাকশালি সরকারকে হটাতে হবে। জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নান, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, ওলামা দলের সাধারণ সম্পাদক নেসারুল হক প্রমুখ।