রেফারেল পদ্ধতি চালুর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য অধিদপ্তর রংপুর ও নীলফামারীতে চিকিৎসা-সেবায় কাঠামোগত রেফারেল পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে। এই দুই জেলার কমিউনিটি ক্লিনিকসহ সব ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই পরীক্ষামূলক পদ্ধতি চালু হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাকক্ষে কাঠামোগত রেফারেল পদ্ধতি নিয়ে এক কর্মশালায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা এ কথা জানান। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখা এই কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে বিএমএর সভাপতি মাহমুদ হাসান বলেন, কার্যকর রেফারেল পদ্ধতি রোগী ও চিকিৎসক উভয়ের স্বার্থ রক্ষা করে। তিনি বলেন, এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো ও চিকিৎসকদের উদ্বুদ্ধ করা দরকার।
মূল উপস্থাপনায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) মো. শমিউল ইসলাম বলেন, রেফারেল পদ্ধতিতে একজন সাধারণ চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠান, একজন বিশেষজ্ঞ অন্য বিশেষজ্ঞের কাছেও রোগী পাঠান। এমনকি এক হাসপাতাল অন্য হাসপাতালেও রোগী পাঠায়।
অনুষ্ঠানে বলা হয়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে কেন্দ্র করে এই পরীক্ষামূলক পদ্ধতি চালু করা হচ্ছে। এই হাসপাতালে অনেকগুলো বিশেষায়িত চিকিৎসাসেবা আছে। রংপুর ও নীলফামারী জেলার চিকিৎসকেরা যদি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী পাঠান, তবে ঢাকায় রোগী আসার পরিমাণ কমবে। দরিদ্র রোগীদের আর্থিক সাশ্রয় হবে। সম্প্রতি এ বিষয়ে স্থানীয়ভাবে কর্মশালা হয়েছে। এক স্তর থেকে অন্য স্তরে রোগী পাঠানোর জন্য ফরমও তৈরি করেছে অধিদপ্তর।
বিশিষ্ট চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য অধ্যাপক রশীদ-ই-মাহবুব বলেন, যে রোগীকে উন্নততর হাসপাতালে পাঠানো হচ্ছে, সেখানে তার জন্য ফোকাল পয়েন্ট বা দায়িত্ববান ব্যক্তি কে তা সুনির্দিষ্ট হতে হবে। তা না হলে সে গুরুত্ব পাবে না। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রেফারেল ব্যবস্থাকে কার্যকর করা সম্ভব।
অনুষ্ঠানে রংপুর বিভাগের স্বাস্থ্য পরিচালক, দুই জেলার সিভিল সার্জন, রংপুর মেডিকেলের অধ্যক্ষসহ বেশ কয়েকজন কর্মকর্তা অংশ নেন। তাঁরা স্বাস্থ্য অধিদপ্তরের এই উদ্যোগকে এগিয়ে নেওয়ার কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের উপমহাপরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিএমএর মহাসচিব ইকবাল আর্সলান বলেন, এই উদ্যোগে সম্পৃক্ত হতে বিএমএ পেশাজীবী চিকিৎসকদের উদ্বুদ্ধ করবে।