‘রেফার্ড’ না হয়ে এলে ফরিদপুর মেডিকেল ও জেনারেল হাসপাতালে মিলবে না চিকিৎসা
উপজেলা থেকে আসা রোগীরা নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ‘রেফার্ড’ হয়ে না এলে ফরিদপুর মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে না। বুধবার দুপুরে জেলা করোনা নিয়ন্ত্রণ কমিটি, রাজনীতিবিদ, নির্বাচিত প্রতিনিধি ও ইউএনওদের নিয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনা প্রতিরোধে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া কঠোর লকডাউন কার্যকর করার লক্ষ্যে ভার্চ্যুয়ালি এ সভার আযোজন করা হয়। জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে জেলার সার্বিক করোনা পরিস্থিতি তুলে ধরেন সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান।
সভায় পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, জেলার এক উপজেলা থেকে আরেক উপজেলা পুরোপুরি বিচ্ছিন্ন করা সম্ভব না হলে সত্যিকারের কঠোর লকডাউন কার্যকর করা কষ্টসাধ্য হয়ে পড়বে। বিভিন্ন উপজেলা থেকে রোগী নিয়ে প্রতিদিন প্রচুর ইজিবাইক জেলা সদরে আসছে। এ যানবাহনগুলো হাসপাতালে রোগী নামিয়ে দিয়ে সারা দিন শহরে ভাড়ায় যাত্রী পরিবহন করছে। ফলে বিধিনিষেধ কার্যকর করা কঠিন হয়ে পড়ে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলার রোগীরা যদি ওই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার্ড হয়ে আসেন তাহলে তাঁদের পক্ষে প্রকৃত ও জরুরি রোগী চিহ্নিত করা সহজ হবে।
জেলা প্রশাসক অতুল সরকার বলেন, কঠোর লকডাউন চলাকালে বিভিন্ন উপজেলা থেকে রোগীরা যদি নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার্ড হয়ে না আসেন, তাহলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও ফরিদপুর জেনারেল হাসপাতাল তাঁদের কোনো চিকিৎসাসেবা দেবে না। জেলা সদরের সঙ্গে যেসব উপজেলার দূরত্ব কম, ওই এলাকার রোগীদের আনা–নেওয়ার জন্য জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অ্যাম্বুলেন্স ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য সিভিল সার্জনের প্রতি অনুরোধ জানান জেলা প্রশাসক।
লকডাউন চলাকালে জেলায় খোলা জায়গায় তরকারির বাজার সকাল সাতটা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি পৌর কাউন্সিলরদের নিয়ে গঠিত কমিটি তদারক করবে। এ ছাড়া জেলার যেসব নির্মাণকাজে শ্রমিকদের নির্মণাধীন ভবনের পাশে থাকার ব্যবস্থা রয়েছে, সেসব নির্মাণকাজ লকডাউনের মধ্যেও চলবে। তবে অন্য জায়গা থেকে শ্রমিকেরা এসে কোনো নির্মাণকাজে অংশ নিতে পারবে না।