রেমিট্যান্স আনা প্রবাসী নাগরিক বিমানবন্দরে হেনস্তার শিকার হন, বললেন বিমানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। ফাইল ছবি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। ফাইল ছবি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, প্রবাসীদের রেমিট্যান্সে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। অথচ সেই প্রবাসী নাগরিক বিমানবন্দরে হেনস্তার শিকার হন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, ‘অভিযোগ আমাকে শুনতে হয়...এগুলো আমাদের জন্য বিব্রতকর।’

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বুধবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান শ্রমিক লীগ (সিবিএ) আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিমানমন্ত্রী এসব কথা বলেন।

এ কে এম শাহজাহান কামাল বলেন, ‘যেখানেই যাই এ অভিযোগ আমাকে শুনতে হয়। বিশ্বের বিভিন্ন এয়ারপোর্টে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে লাগেজ আসে। কিন্তু আমাদের এখানে একদিকে লাগেজ পেতে যেমন দেরি হয়, অন্যদিকে লাগেজ কাটার কথাও শোনা যায়। এগুলো আমাদের জন্য বিব্রতকর।’ এ অবস্থার উত্তরণে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে গতি আনতে শ্রমিকদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এই সমাবেশে সভাপতিত্ব করেন সিবিএ সভাপতি মুশিকুর রহমান। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ।