রেল আসছে, সাবধান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাউটি ব্যাগে ঢোকাচ্ছিলেন ইয়াকুব। এমন সময় সবজি বিক্রেতা রফিক চিৎকার দিয়ে বললেন, ‘ইয়াকুব ভাই, সরে যান। ট্রেন আসছে।’ হন্তদন্ত হয়ে দৌড় দিয়ে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ইয়াকুব। প্রতিদিনের এ চিত্র রাজধানীর জুরাইন রেলগেট কাঁচাবাজার এলাকার। রেলের শব্দ শোনামাত্র বিক্রেতারা বলতে থাকেন, ‘সাবধান, রেল আসছে।’

রেললাইনের গা ঘেঁষে গড়ে ওঠা অবৈধ এই বাজারের পরিধি প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে। জীবনের ঝুঁকি নিয়ে বাজারসদাই করছেন এলাকার লোকজন। বাজার করতে এসে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন। অনেকে মারাও যাচ্ছেন। রিকশাচালক আবদুল আজিজ প্রথম আলোকে বললেন, রেলগেটের এই বাজারে প্রায় দুর্ঘটনা ঘটে। বাজার করতে এসে দুই মাস আগে একজন মারা যান।

বহুবার উচ্ছেদ করা সত্ত্বেও নিয়মিত তদারকির অভাবে জুরাইন রেলগেট এলাকায় রেললাইন ঘেঁষে বারবার বসে যায় বাজার। ট্রেন চলার সময় জীবনের ঝুঁকি নিয়ে বসে থাকেন দোকানিরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জুরাইন রেলগেট এলাকা থেকে ছবিটি তুলেছেন সাইফুল ইসলাম

মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, রাজধানীর গেন্ডারিয়া থেকে নারায়ণগঞ্জের পাগলা পর্যন্ত রেললাইনের গা ঘেঁষে তিনটি কাঁচাবাজার গড়ে উঠেছে। এগুলো জুরাইন রেলগেট বাজার, শ্যামপুর ও পাগলার রেলগেট বাজার নামে পরিচিত। রেললাইনের ওপরে রাখা হয়েছে পেঁয়াজ, আলুসহ বিভিন্ন ধরনের সবজি। ট্রেনের শব্দ শোনামাত্রই বাজারে আসা লোকজন দৌড় দিয়ে রেললাইনের পাশে গিয়ে দাঁড়ায়। বাজারের ব্যবসায়ীরা চিৎকার দিয়ে বলেন, ‘ট্রেন আসছে। সবাই সাবধান।’

রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ঢাকা থেকে প্রতিদিন ৩২ বার নারায়ণগঞ্জের উদ্দেশে ট্রেন ছেড়ে যায়। আর নারায়ণগঞ্জ থেকে ১৬ বার ঢাকার উদ্দেশে ছেড়ে আসে ট্রেন।

বহুবার উচ্ছেদ করা সত্ত্বেও নিয়মিত তদারকির অভাবে জুরাইন রেলগেট এলাকায় রেললাইন ঘেঁষে বারবার বসে যায় বাজার। ট্রেন চলার সময় জীবনের ঝুঁকি নিয়ে বসে থাকেন দোকানিরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জুরাইন রেলগেট এলাকা থেকে ছবিটি তুলেছেন সাইফুল ইসলাম
বহুবার উচ্ছেদ করা সত্ত্বেও নিয়মিত তদারকির অভাবে জুরাইন রেলগেট এলাকায় রেললাইন ঘেঁষে বারবার বসে যায় বাজার। ট্রেন চলার সময় জীবনের ঝুঁকি নিয়ে বসে থাকেন দোকানিরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জুরাইন রেলগেট এলাকা থেকে ছবিটি তুলেছেন সাইফুল ইসলাম

জুরাইনের রেলগেট বাজারের সবজি বিক্রেতা ইসমাইল বললেন, ট্রেন আসার আগে তিনি ক্রেতাদের সাবধান করে দেন। তারপরও প্রায় বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। লোকজন মারাও গেছে।

ঢাকা রেলওয়ে থানার সূত্র বলছে, চলতি বছরে নারায়ণগঞ্জ থেকে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন ১৩ জন। গত বছর মারা যান ১৭ জন। আর ২০১৪ সালে মারা যান ২০ জন লোক। অধিকাংশই মারা গেছেন জুরাইন রেলগেট, শ্যামপুরের বউবাজার ও পাগলার রেলগেট বাজার এলাকায়।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক প্রথম আলোকে বলেন, রেললাইনের গা ঘেঁষে গড়ে ওঠা এসব বাজার এলাকায় দুর্ঘটনা ঘটছে। এসব অবৈধ বাজারও উচ্ছেদ করা হবে।

জুরাইনের বাসিন্দা আবদুল হক বললেন, জুরাইন রেলগেট বাজার এলাকায় দুর্ঘটনা ঘটলেও দেখার কেউ নেই। রেলের লোকজন তো দেখি না। এই অবৈধ বাজার যত তাড়াতাড়ি সম্ভব উচ্ছেদ করা জরুরি। তা না হলে যেকোনো দিন বড় ধরনের দুর্ঘটনা ঘটবে।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে ঢাকা রেলওয়ে বিভাগের ভূসম্পত্তি কর্মকর্তা রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে রেললাইনের গা ঘেঁষে বেশ কটি অবৈধ বাজার গড়ে তোলা হয়েছে। শিগগিরই এসব বাজার উচ্ছেদে অভিযান চালানো হবে। রেলওয়ের এই কর্মকর্তা আরও বললেন, সকালে বাজার উচ্ছেদ করলে বিকেলে আবার মালামাল নিয়ে রেললাইনের ধারে আবার বসে পড়ে তারা।

ঢাকা রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক বললেন, ‘উচ্ছেদের পর আর কাউকেই রেললাইনের ধারে বাজার বসাতে দেব না। বাজার বসালেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’