খুচরা যন্ত্রাংশের অভাবে দেশে রেল ইঞ্জিনের ভারী মেরামতের একমাত্র প্রতিষ্ঠান দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় লক্ষ্যমাত্রা অনুযায়ী ইঞ্জিন মেরামত করা সম্ভব হচ্ছে না। দুই বছর ধরে যন্ত্রাংশের এই সংকট চলছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, আয়ুষ্কাল পার হওয়া, দুর্ঘটনাকবলিত বা দীর্ঘকাল ব্যবহারের কারণে কার্যক্ষমতা কমে যাওয়া বাংলাদেশ রেলওয়ে প্রায় ৩০০ ডিজেলচালিত রেল ইঞ্জিনের ভারী মেরামত (জেনারেল ওভারহোলিং) করে নতুনের মতো কার্যক্ষম করার জন্য ১৯৯২ সালে সৌদি উন্নয়ন তহবিলের সহায়তায় ২০৩ কোটি টাকা ব্যয়ে পার্বতীপুরে ১১১ একর জমির ওপর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) প্রতিষ্ঠা করা হয়। প্রতি ছয় বছর অন্তর প্রতিটি ডিজেল ইঞ্জিন ভারী মেরামতের জন্য এই কারখানায় পাঠানো হয়। বাংলাদেশ রেলওয়েতে বর্তমানে ২৭৮টি ডিজেল ইঞ্জিন (লোকোমোটিভ) রয়েছে। এগুলোর স্বাভাবিক আয়ুষ্কাল ২০ বছর। এগুলোর ভারী মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশের ৯৫ শতাংশ আমদানি করতে হয়।
কেলোকার প্রধান নির্বাহী হাসান মনসুর জানান, ইঞ্জিন মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশের ৬০ শতাংশ কেলোকার স্টোরে মজুত থাকলেও দুই বছর যাবৎ অবশিষ্ট ৪০ শতাংশ যন্ত্রাংশের সরবরাহ নেই। ফলে বর্তমানে কোনো ইঞ্জিন শতভাগ ত্রুটিমুক্তভাবে মেরামত করা সম্ভব হচ্ছে না। গত অর্থবছরে কেলোকায় ২৫টি রেল ইঞ্জিন মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। মেরামত করা হয়েছে ২৭টি। চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০টি। এ পর্যন্ত কারখানায় ১১টি ইঞ্জিন মেরামত করা হয়েছে। আগামী মাসে আরও পাঁচটি ইঞ্জিন মেরামত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোনোভাবেই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না।
হাসান মনসুর আরও জানান, চাহিদা অনুযায়ী ইঞ্জিনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ রিং, পিস্টন, মূল বিয়ারিং, কমপ্রেশার, স্টার্টিং মোটর, ট্রাকশন মোটর ও এর বিভিন্ন যন্ত্রাংশের সরবরাহ থাকলে লক্ষ্যমাত্রা অনুযায়ী ৩০টি ইঞ্জিনই মেরামত করা সম্ভব হতো। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ের ২৭৮টি রেল ইঞ্জিনের মধ্যে গত ৩০ এপ্রিল পর্যন্ত ১৯৪টি চালু ছিল। এর মধ্যে ১১৬টি ইঞ্জিনের আয়ুষ্কাল ইতিমধ্যে পেরিয়ে গেছে। সেগুলো বছরের পর বছর ধরে ভারী মেরামতের মাধ্যমে সচল রাখা হয়েছে।
কেলোকায় যন্ত্রাংশের সংকটের ব্যাপারে জানতে চাইলে রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিসিএস) ঈসা-ই-খলিল বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া তিনি এ সম্পর্কে কোনো তথ্য দিতে পারবেন না। তবে রেলওয়ের অতিরিক্তি মহাপরিচালক (আরএস-রোলিং স্টক) খলিলুর রহমান বলেন, বিষয়টি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তা অবহিত আছেন। কিন্তু যন্ত্রাংশ ক্রয়ে টেন্ডার আহ্বান, বাছাই, প্রয়োজনীয় অর্থের সংস্থানসহ ধারাবাহিক প্রক্রিয়ায় সৃষ্ট নানা সমস্যার কারণে যথাসময়ে ও চাহিদামতো যন্ত্রাংশ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তবে যত তাড়াতাড়ি সম্ভব যন্ত্রাংশ সরবরাহের ব্যবস্থা করা হবে।