রেল ও নৌপথকে উন্নত করলে দুর্ঘটনা কমবে!

নিরাপদ, পরিবেশবান্ধব ও আরামদায়ক যাতায়াত মাধ্যম রেলকে উপেক্ষা করে সড়কপথকে প্রাধান্য দেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। তা না হলে পরিবহন ব্যবস্থায় মহাবিপর্যয় নেমে আসবে। আজ বৃহস্পতিবার বিভিন্ন সংগঠন আয়োজিত এক মানববন্ধনে এ আশঙ্কা প্রকাশ করা হয়।
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ), ডাব্লিউবিবি ট্রাস্ট, আইনের পাঠশালা ও পরিবেশ উন্নয়ন সোসাইটি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করে। পবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন নাসফের সভাপতি হাফিজুর রহমান, ডাব্লিউবিবি ট্রাস্টের ন্যাশনাল অ্যাডভোকেসি অফিসার মারুফ হোসেন, আইনের পাঠশালার সভাপতি সুব্রত দাস, পরিবেশ উন্নয়ন সোসাইটির সভাপতি বোরহান উদ্দিন আহমেদ, পুরান ঢাকা নাগরিক উদ্যোগের সভাপতি নাজিম উদ্দিন, পবার নির্বাহী সদস্য প্রকৌশলী তোফায়েল আহমেদ, গ্রিন ফাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান, বাংলাদেশ পীস মুভমেন্টের সভাপতি কামাল আতাউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সড়ক প্রধান যাতায়াত ব্যবস্থার কারণে পরিবহন ব্যবস্থায় চরম নৈরাজ্য পরিস্থিতি বিরাজ করছে। যাতায়াতে দুর্ভোগ ও দুর্ঘটনা কমাতে উন্নত রেল ব্যবস্থাপনা ও অন্যান্য পরিবহনের সঙ্গে সমন্বিত পরিবহন ব্যবস্থারও বিকল্প নেই।
তাঁরা আরও বলেন, কম খরচে, নিরাপদে, নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য একটি সুষ্ঠু পরিবহন ব্যবস্থা মানুষের অধিকার। নিরাপদ, সাশ্রয়ী ও টেকসই পরিবহন ব্যবস্থা বলতে রেল ও নৌপথ বিশেষ গুরুত্বের দাবি রাখে। স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই রেলপথ ও নৌ-পথের জন্য পর্যাপ্ত বিনিয়োগ এবং সঠিক পরিকল্পনা না থাকায় যাতায়াত ব্যবস্থা সড়ক কেন্দ্রিক হয়ে পড়েছে। বর্তমানে যোগাযোগের অন্যতম নিরাপদ মাধ্যম রেল ব্যবস্থাকে উপেক্ষা করার ফলে সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু ও পঙ্গুত্বের সংখ্যাও বাড়ছে। এ ছাড়া বাড়ছে বায়ু দূষণ, শব্দ দূষণ ও পরিবেশ দূষণ। এসব দূষণের কারণে শ্বাসকষ্ট, হাঁপানি, স্ট্রোক আর বধিরতাসহ নানা স্বাস্থ্যগত সমস্যাও বাড়ছে। এদিকে, সড়ক সম্প্রসারণ করতে গিয়ে প্রতিনিয়ত ধ্বংস করা হচ্ছে মূল্যবান ফসলি জমিও।
মানববন্ধনে নিরাপদ ও সাশ্রয়ী বিবেচনায় রেলের উন্নয়নের মাধ্যমে রেলকেন্দ্রিক যাতায়াত নেটওয়ার্ক গড়ে তোলার দাবি জানানো হয়েছে। এ ছাড়া রেললাইন সম্প্রসারণ, রেল পথ এবং যাত্রী কোচ ও মালবাহী ওয়াগন বাড়ানোসহ কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান হয়েছে। একই সঙ্গে বক্তারা নৌ ব্যবস্থার আধুনিকীকরণ ও সম্প্রসারণ এবং নদীপথের নাব্যতা ঠিক রাখার প্রতিও নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন।