রেল ও যাত্রীর অধিকার রক্ষার দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী রেল রক্ষা অভিযাত্রার অংশ হিসেবে নারায়ণগঞ্জে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখা। ‘রেল বাঁচাও, যাত্রী অধিকার প্রতিষ্ঠা কর’ স্লোগানে গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জ রেলস্টেশনে এ সমাবেশ হয়।
সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির কেন্দ্রীয় নেতা আহসান হাবীব, আবদুল্লাহ আল ক্বাফী, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, খালেকুজ্জামান, সিপিবির নেতা মন্টু ঘোষ, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, আবু নাঈম খান, সেলিম মাহমুদ, সিপিবি জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, আবদুল হাই শরীফ প্রমুখ।
কেন্দ্রীয় নেতারা সকাল আটটা ৩৫ মিনিটে ট্রেনে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ অভিমুখে রেলযাত্রা করেন। পথে গেন্ডারিয়া, পাগলা, ফতুল্লা স্টেশনে সিপিবি–বাসদের নেতা-কর্মীরা সমাবেশের মাধ্যমে কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন জানান।
সমাবেশে নেতারা বলেন, স্বাধীনতার পর থেকে দেশের জনসংখ্যা দ্বিগুণ হয়েছে, শহরের সংখ্যা বেড়েছে; কিন্তু রেলপথ বাড়েনি। রেলে যাত্রী ও মালামাল পরিবহনে জায়গা, জ্বালানি কম লাগে। পরিবেশদূষণ কম হয়, খরচ কম হয়। এ কারণে ভারতসহ সারা বিশ্বে রেল জনপ্রিয় হলেও বাংলাদেশে রেল দুর্দশাগ্রস্ত রয়েছে। বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবির পরামর্শে রেলকে ধ্বংস করা হচ্ছে। স্বাধীনতার পূর্বে রেলের কর্মচারী ছিল ৬০ হাজার, এখন আছে ২৭ হাজার। কিন্তু কর্মকর্তার সংখ্যা দ্বিগুণ হয়েছে। ইতিমধ্যে ১৬০টি স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশে একটি কোচ তৈরিতে খরচ হয় ৮০ লাখ টাকা, অথচ ৪ কোটি টাকা খরচ করে কোচ আমদানি করা হচ্ছে। ছাতকে স্লিপার তৈরি কারখানা বন্ধ রেখে বিদেশ থেকে স্লিপার আমদানি করা হচ্ছে। চীন থেকে ডেমু ট্রেন আমদানি করে লোকসান দেওয়ার পরও আরও ৩০ সেট ডেমু ট্রেন ২ হাজার ১৬ কোটি টাকা দিয়ে আমদানি করা হচ্ছে। রেলে সেবার মান বাড়েনি, যাত্রীদের দুর্ভোগ প্রতিনিয়ত বাড়ছে। অথচ যাত্রীসেবার নাম করে দুবার যাত্রীভাড়া বৃদ্ধি করা হয়েছে। রেলের ১২ হাজার একর জমি অবৈধ দখলদারদের হাতে। ২৩টি মন্ত্রণালয় ও সংস্থার কাছে রেলের ১২ হাজার ৬১০ কোটি টাকা পাওনা। এসব বিবেচনা করলে রেলের ভাড়া বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই।
নেতারা দুর্নীতি, ভুল নীতি ও অপচয় বন্ধ করে রেলকে উন্নত করার পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।