রেল কর্মকর্তাকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ের বাংলো দখল ও আসবাপত্র চুরির ঘটনায় মামলা করায় দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (এসএসএই) তহিদুল ইসলামকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রেলওয়ে সূত্র জানায়, তহিদুল ইসলাম সম্প্রতি তাঁর নামে শহরের সাহেবপাড়ায় বরাদ্দ বাংলোটি ছেড়ে দেন। কিন্তু আসবাবপত্র রেখে যান। গত ৪ জুলাই দুর্বৃত্তরা বাংলোটি দখল করে দুটি ফ্যান, ফ্রিজ ও কিছু আসবাবপত্র নিয়ে যায়। এ ঘটনায় তিনি পার্বতীপুরের ইসলামপুর কালীবাড়ি মহল্লার মো. রনি (৪০), মো. কুসুমসহ (২০) অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ৮ জুলাই পার্বতীপুর রেলওয়ে থানায় (জিআরপি) চুরি এবং দখলের মামলা করেন। রেলওয়ে থানা-পুলিশ রনি ও কুসুমকে ১০ জুলাই গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। এরপর মামলাটি তুলে নিতে অব্যাহতভাবে হুমকি দেওয়া হচ্ছে ওই কর্মকর্তাকে। তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।
গতকাল শনিবার এসএসএই তহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, দুর্বৃত্তরা প্রভাবশালী। তারা নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এতে তিনি ও তাঁর পরিবার আতঙ্কিত হয়ে পড়েছেন। বর্তমানে তিনি নীলফামারীর সৈয়দপুরে অবস্থান করছেন, হুমকির কারণে কর্মস্থলে যেতে পারছেন না।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, হুমকির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুর্বৃত্তরা যতই শক্তিশালী হোক এটা কঠোরভাবে দেখা হবে।
পার্বতীপুর রেলওয়ে পূর্ত বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. জয়নাল আবেদীন বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আইনগতভাবেই দখলদারদের উচ্ছেদ করা হবে।