রেল কর্মকর্তার বিরুদ্ধে গৃহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগ
রেলওয়ে পশ্চিমাঞ্চলের অতিরিক্ত মুখ্য বাণিজ্যিক ব্যবস্থাপক এস এম মুরাদ হোসেনের বিরুদ্ধে এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। মুরাদ হোসেন রাজশাহী নগরের ভদ্রা এলাকার বাসিন্দা।নিপীড়নে অতিষ্ঠ শিশুটি জানিয়েছে, গত বৃহস্পতিবার থেকে মুরাদ হোসেন সপরিবারে খুলনায় রয়েছেন। বাড়িতে ছিল সে ও আরেক কাজের মেয়ে। এ সুযোগে ওই মেয়েটিকে ফাঁকি দিয়ে গত রোববার সকালে সে পালিয়ে ট্রেনে করে বাড়ি ফিরছিল। রেলওয়ের কর্মচারীরা নাটোরের আবদুলপুর স্টেশনে তাকে ধরে আবার রাজশাহীগামী ট্রেনে তুলে দেন।রাজশাহী জিআরপি থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ‘রাজশাহী স্টেশনে ফেরার পর তার কান্নাকাটি দেখে স্টেশনের তত্ত্বাবধায়ক শিশুটিকে আমাদের হেফাজতে দেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) আইনজীবী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। শিশুটির বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়।’ রাজশাহী রেলস্টেশনের একটি সূত্র জানায়, শিশুটি বাড়ি থেকে পালিয়েছে, এই খবর পেয়ে মুরাদ হোসেন বিভিন্ন স্টেশনে তা জানিয়ে দেন এবং শিশুটির সন্ধান চান।রোববার সকাল ১০টার দিকে রাজশাহী রেলস্টেশনের স্টেশনমাস্টারের ঘরে গিয়ে দেখা যায়, শিশুটি কাঁদছে। সে বারবার বলছে, ‘আমি আর ওর বাড়িতে যাব না, আমি বাড়ি যাব।’ রোববার দুপুরে ওসিসির আইনজীবী দিল সেতারা মেয়েটিকে উদ্ধার করে ওসিসিতে ভর্তি করান। দিল সেতারা বলেন, ওই কর্মকর্তার স্ত্রী বাচ্চাদের নিয়ে স্কুলে থাকার সুযোগে তিনি শিশুটির ওপর বাড়িতে নিপীড়ন চালাতেন। স্ত্রী বাড়িতে থাকার কারণে শুধু শুক্রবার মেয়েটির ওপর তাঁর নিপীড়ন বন্ধ থাকত। ওসিসি সূত্রে জানা গেছে, মেয়েটির মাকে রাজশাহীতে আসার জন্য খবর দেওয়া হয়েছে। তিনি এলে এ ব্যাপারে মামলা করা হবে। রেলওয়ে পশ্চিমাঞ্চলের অতিরিক্ত মুখ্য বাণিজ্যিক ব্যবস্থাপক এস এম মুরাদ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি শিশুটিকে কোনো নির্যাতন করেননি। হারিয়ে যাওয়ার আশঙ্কায় তিনি শিশুটিকে ধরে আনার জন্য বিভিন্ন স্টেশনে খবর পাঠিয়েছিলেন।