রেল কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের ৪ মামলা
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক মহাপরিচালক ইউসুফ আলী মৃধাসহ পাঁচজনের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধভাবে নিয়োগ দেওয়া, পরীক্ষায় অকৃতকার্য সত্ত্বেও উত্তীর্ণ দেখানো এবং নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগে গতকাল বুধবার নগরের কোতোয়ালি থানায় এসব মামলা করেন দুদকের তিন কর্মকর্তা। মামলার আসামিরা হলেন পূর্বাঞ্চলীয় রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা, সিনিয়র ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়া, রেলওয়ের চিলড্রেন পার্ক সরকারি উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের শিক্ষক চন্দন কুমার রায়, সিনিয়র ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর মো. হামিদুল্লাহ ও কার্পেন্টার গিয়াস উদ্দিন। তাঁদের মধ্যে শেষ তিনজনকে অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগ আনা হয়। মামলার বাদীরা হলেন দুদকের উপপরিচালক মো. নাসির উদ্দিন, সহকারী পরিচালক মো. কামরুজ্জামান ও উপসহকারী পরিচালক হাফিজুর রহমান।