রেল কর্মচারী বেচলেন রেলেরই জমি!
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার এক কর্মচারীর বিরুদ্ধে রেলের তিন শতাংশ জমি বিক্রি করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার সকালে সৈয়দপুর শহরের রসুলপুর কলোনির পাশে ফাঁকা ওই জায়গায় জমির ক্রেতা দেয়াল তুলতে গেলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন। এলাকাবাসীর অভিযোগ, সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মচারী ও সৈয়দপুরে অবস্থিত গাইবান্ধা সমিতির সভাপতি আনোয়ার হোসেন রেলের একটি কোয়ার্টার দখল করে তা চার লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করেন। দুই মাস আগে ওই জমি কেনেন শহরের আরশাদ হোসেন ডালওয়ালা নামে এক ব্যবসায়ী। আরশাদ হোসেন আবার রেলের কোয়ার্টার ভেঙে সেখানে স্থাপনা গড়ে তুলতে চেয়েছিলেন। আরশাদ হোসেন বলেন, ‘শহরে রেলের জমি অহরহ বেচাকেনা হচ্ছে। আমিও কিনেছি। এটা কোনো অপরাধ কি না আমি তা জানি না।’ কার কাছ থেকে কিনেছেন জানতে চাইলে জবাবে তিনি বলেন, ‘রেলওয়ে কারখানার কর্মচারী আনোয়ারের কাছ থেকে।’ তিনি স্বীকার করেন, যে জমি তিনি কিনেছেন তার পাশের ফাঁকা জায়গাটি দখলে রাখার জন্য দেয়াল তোলা হচ্ছিল। তবে মহল্লার যুবকেরা এতে বাধা দেয়। ফলে দেয়াল তোলা আর হয়নি। তিনি পাল্টা অভিযোগ করেন, ওই যুবকেরা ফাঁকা জায়গায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ গড়ে তোলার উদ্যোগ নিয়েছিল। আমি এতে বাধা দিয়েছি। তাই ওরা আমার ওপর ক্ষুব্ধ।সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মচারী আনোয়ার হোসেনের সঙ্গে কথা বলতে চাইলে তিনি এই প্রতিনিধিতে এড়িয়ে যান এবং দ্রুত এলাকা থেকে সটকে পড়েন। বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। এলাকার যুবক মো. সাঈদ সৈয়দপুর কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র। তিনি বলেন, ‘সকালে দেখলাম ওই ফাঁকা জায়গায় ইট-সিমেন্ট দিয়ে দেয়াল তোলা হচ্ছে। সঙ্গে সঙ্গে এলাকাবাসীকে নিয়ে আমরা তা প্রতিহত করি।’ তিনি আরও বলেন, ‘রেল কর্মচারী আনোয়ার হোসেন এভাবে প্রচুর কোয়ার্টার বিক্রি করেছেন। অথচ তাঁর বিরুদ্ধে রেলওয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।’ ওই জায়গায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ গড়ে তোলা হচ্ছিল কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রশ্নই ওঠে না।’ এসব কোয়ার্টার ও জমি দেখভালের দায়িত্ব রেলওয়ে ভূমি বিভাগের। ভূমি বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম জানান, ‘বিষয়টি আমার জানা নেই। ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেব।’