জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে গত মঙ্গলবার সন্ধ্যায় রেলওয়ে থানা-পুলিশের (জিআরপি) সঙ্গে আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের যাত্রী ও স্থানীয় লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ তিনজন আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় মঙ্গলবার রাতেই পুলিশ বাদী হয়ে মামলা করেছে। একজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এদিকে গত মঙ্গলবার রাতে আক্কেলপুর রেলস্টেশনে অতিরিক্ত রেলওয়ে পুলিশ মোতায়েন করা রয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী, রেলস্টেশন ও পুলিশ সূত্রে জানা গেছে, চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে আক্কেলপুর স্টেশনে যাত্রাবিরতি করে। তখন ট্রেনের একটি বগির আসনে বসা নিয়ে যাত্রীদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। খবর পেয়ে জিআরপি পুলিশের সদস্যরা সেখানে এসে ট্রেনযাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় স্টেশনে থাকা স্থানীয় কয়েকজন বাসিন্দা পুলিশের এমন আচরণের প্রতিবাদ করলে তাঁদের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুলিশ ট্রেনের বগির দরজা বন্ধ করে জানালা দিয়ে পরপর পাঁচ-সাতটি ফাঁকা গুলি ছোড়ে। এতে পৌরসভার হাস্তাবসন্তপুর মহল্লার বাসিন্দা আবু সাঈদ (২০), একই মহল্লার আজিজার রহমান (৬৫) ও সুমন হোসেন (২৮) এবং উপজেলার তিলকপুর বাজারের আমিনুর হোসেন (২৮) গুলিবিদ্ধ হন। এতে ক্ষিপ্ত হয়ে ট্রেনযাত্রী ও স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে জিআরপি থানা-পুলিশের ওপর চড়াও হন। আক্কেলপুর থানা-পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি আক্কেলপুর স্টেশন ছেড়ে যায়। এ সময় জিআরপি থানা-পুলিশ ঘটনাস্থল থেকে পৌর শহরের শ্রীকৃষ্টপুর মহল্লার সুমন হোসেন (১৯) নামের এক তরুণকেগ্রেপ্তার করে নিয়ে যায়।
জিআরপি পুলিশ সদস্য আদম আলী বলেন, ‘ট্রেনের মধ্যে কয়েকজন যাত্রী তাঁদের আসনে বসা নিয়ে মারামারি শুরু করেন। আমরা ঘটনাটি সমাধান করতে গেলে যাত্রীরা আমাদের মারধর করেন। একপর্যায়ে তাঁরা আমাদের অস্ত্র কেড়ে নিতে গেলে গার্ডের নির্দেশে দুটি রাবার বুলেট ছোড়া হয়। ওই ঘটনায় আমি ও আবদুল মজিদ নামের এক পুলিশ সদস্য আহত হয়েছি।’
স্টেশন রোডের পল্লি চিকিৎসক মীর রাজু আহম্মেদ বলেন, ‘গোলাগুলির ঘটনায় আমিনুর নামের এক ব্যক্তিকে আহত অবস্থায় স্থানীয় লোকজন আমার কাছে নিয়ে এসেছিলেন। আমিনুরের ডান পায়ে দুটি ও বাঁ পায়ে একটি গুলির চিহ্ন রয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় আক্কেলপুর রেলস্টেশনে সংঘর্ষের পর আবু সাঈদ, আজিজারও সুমন নামের তিন ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। আবু সাঈদের ডান হাতে একটি গুলির চিহ্ন রয়েছে। আর আজিজারের গলায় একটি ও বুকে তিনটি এবং সুমনের মাথায় একটি রাবার বুলেটের আঘাতের চিহ্ন রয়েছে।
আক্কেলপুর স্টেশনমাস্টার খাদিজা খাতুন বলেন, ট্রেনটি সন্ধ্যা সাতটায় আক্কেলপুর স্টেশনে যাত্রাবিরতি করে। এ সময় এই ঘটনা ঘটে। পরে নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর ট্রেনটি স্টেশন ছাড়ে। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার রাত থেকে রেলস্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ট্রেনটি মঙ্গলবার সন্ধ্যায় আক্কেলপুর স্টেশনে যাত্রাবিরতির সময় স্থানীয় লোকজন পুলিশের ওপর হামলা চালান। এতে দুই রেল পুলিশ আহন হন। তখন আত্মরক্ষার্থে ট্রেনের নিরাপত্তা পুলিশ দুটি ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে সুমন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই রেলওয়ে পুলিশ সান্তাহার জিআরপি থানায় তিনজন এজাহার নামীয়সহ অজ্ঞাত আরও ৫০-৬০ জনের নামে একটি মামলা করেছে।