রেল পুলিশের সুপার মোস্তফার যাবজ্জীবন
দুর্নীতির মামলায় নীলফামারীর রেলওয়ে পুলিশ সুপার (এসপি) মোস্তফা কামালকে যাবজ্জীবন এবং অন্য একটি ধারায় পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোতাহার হোসেন গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। মামলার অপর আসামি ওয়াহেদ মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়। ঘটনার সময় মোস্তফা কামাল হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) ছিলেন। রায়ে জরিমানার টাকা আদায় করে ২৫ লাখ টাকা বাদীকে দেওয়ার এবং পাঁচ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করার নির্দেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় মোস্তফা কামাল ও ওয়াহেদ মিয়া আদালতে উপস্থিত ছিলেন। আদালত মোস্তফা কামালের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২০০৩ সালের ২০ নভেম্বর এসএ পরিবহনের স্বত্বাধিকারী সালাহউদ্দিন আহমদ এই মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০০২ সালের ২২ ডিসেম্বর তিনি নিজ গাড়িতে ২০ লাখ টাকা নিয়ে সিলেট যাওয়ার পথে হবিগঞ্জের মাধবপুরে পুলিশ আটক করে। হবিগঞ্জের তৎকালীন এএসপি মোস্তফা কামাল বাদীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং, মাদক এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। ২০১০ সালের ৪ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী এমদাদুল হক।