রেল পুলিশের 'চেয়ার-বাণিজ্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তনগর ট্রেনে দিনাজপুর থেকে ঢাকা যাতায়াতের পথে রেল পুলিশ চেয়ার-বাণিজ্য করছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া রেলকর্মীরা টুলে যাত্রী বহন করছেন। এভাবে রেল বিভাগের প্রতি মাসে ২৫ লাখ টাকা গচ্চা যাচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
জেলার পার্বতীপুর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের তৈরি পোশাক-ব্যবসায়ী মোবারক হোসেন মাসে কমপক্ষে পাঁচবার ঢাকায় যাতায়াত করেন। তিনি বলেন, ‘৩৪০ টাকায় শোভন-সাধারণ শ্রেণির টিকিট না কেটে রেল পুলিশ বা অন্য কর্মীদের হাতে ২৫০ টাকা ধরিয়ে দিয়ে প্লাস্টিকের চেয়ারে বসে ঢাকা যাই।’
৭ ও ৮ জুলাই সরেজমিনে দেখা গেছে, দিনাজপুর থেকে ঢাকাগামী ‘দ্রুতযান’ ট্রেনটি সকাল ১০টার দিকে পার্বতীপুর স্টেশনে থামে। সঙ্গে সঙ্গে পুলিশ প্লাস্টিকের চেয়ার তোলে। চেয়ারগুলো বগির ফাঁকা জায়গায়, খাওয়ার বগিসহ বিভিন্ন স্থানে বসানো হয়। এ ছাড়া কয়েকটি প্লাস্টিকের টুলে কিছু যাত্রী বসে ছিল। চেয়ারে বসা চার যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেল, তাঁরা পুলিশের যাত্রী।
খাওয়ার বগিতে টুলে বসা দুজন জানান, তাঁরা রেলকর্মীদের যাত্রী। টিকিট তল্লাশিকারীরা তাঁদের ধরেন কি না জানতে চাওয়া হয়। ‘এ রকম বিপদে কখনো পড়িনি’ বলে তাঁরা মন্তব্য করেন।
পার্বতীপুর রেলস্টেশন সূত্র জানায়, পুলিশের চেয়ার-বাণিজ্যের দেখাদেখি ট্রেনে কর্তব্যরত অ্যাটেনডেন্ট, পরিচালক (গার্ড), ট্রেনচালক, বৈদ্যুতিক মিস্ত্রি ও খাওয়ার গাড়ির কর্মী বিনা টিকিটে যাত্রী পরিবহনে নেমে পড়েছেন। বিশেষ করে ‘দ্রুতযান’ ও ‘একতা’ আন্তনগর ট্রেনে এ রকম ঘটনা ঘটছে। নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের একাধিক কর্মকর্তা জানান, এই চেয়ার-বাণিজ্যের কারণে প্রতি মাসে বাংলাদেশ রেলওয়ের কমপক্ষে ২৫ লাখ টাকা ক্ষতি হচ্ছে।
পার্বতীপুর রেলওয়ে জংশনের এরিয়া অপারেটিং ম্যানেজার শাহ আলম তালুকদার বলেন, ‘রেল পুলিশ ট্রেনে চেয়ার উঠিয়ে যাত্রী পরিবহনে নেমে পড়েছে। দেখতে লজ্জা লাগে, পুলিশ টিকিট কাউন্টারের সামনে গিয়ে যাত্রী সংগ্রহ করে। কোনো বাধাই তারা মানতে চায় না। ট্রেনের পরিচালক ও চালকদের পাত্তা দেয় না।’
রেলওয়ের লালমনিরহাট ডিভিশনের সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট সাজ্জাদ হোসেন বলেন, ‘ট্রেনে চেয়ার তুলে যাত্রী পরিবহন বেআইনি। রেল পুলিশকে যাত্রী নিরাপত্তার জন্য রাখা হয়েছে, যাত্রী পরিবহনের জন্য নয়।’
জানতে চাইলে পার্বতীপুর রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন বলেন, পুলিশ নিজেদের বসার জন্য কিছু চেয়ার ট্রেনে তোলে। টাকা নিয়ে যাত্রীদের বসায় না বলে তিনি দাবি করেন।
পার্বতীপুর রেলস্টেশনের টিকিট কাউন্টার সূত্র জানায়, আন্তনগর একতা ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে দিনাজপুর থেকে ঢাকা শোভন-সাধারণ শ্রেণির টিকিটের মূল্য ৩৪০ টাকা। শোভন-চেয়ার ৪১০ টাকা। কিন্তু রেল পুলিশের হাতে ২৫০ টাকা ধরিয়ে দিলেই যেকোনো যাত্রী পুলিশের সরবরাহ করা প্লাস্টিকের চেয়ারে বসে ঢাকা থেকে দিনাজপুরে যাতায়াত করতে পারেন। আন্তনগর দুটি ট্রেনে চেয়ারে প্রতিদিন ১০০ করে মোট ২০০ যাত্রী যাতায়াত করেন। এ হিসাবে মাসে ২৬ দিনে (দুটি ট্রেন সপ্তাহে এক দিন বন্ধ থাকে) কমপক্ষে পাঁচ হাজার ২০০ জন চেয়ারে বসে যাওয়া-আসা করেন। দিনাজপুর থেকে ঢাকা শোভন-সাধারণ শ্রেণির ভাড়া ৩৪০ টাকা হিসাবে রেলওয়ে পুলিশের চেয়ার- বাণিজ্যের কারণে রেলওয়ে প্রতি মাসে (২৬ দিনে) ১৭ লাখ ৬৮ হাজার টাকা আয় থেকে বঞ্চিত হচ্ছে।
পার্বতীপুর স্টেশন কর্তৃপক্ষ জানায়, নীলসাগর, দ্রুতযান ও একতা নামে তিনটি আন্তনগর ট্রেন দিনাজপুর থেকে পার্বতীপুর হয়ে ঢাকায় যাওয়া-আসা করে। ট্রেনের নিরাপত্তার দায়িত্ব পালন করেন একজন উপপরিদর্শক (এসআই), একজন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) পাঁচ থেকে ছয়জন কনস্টেবল। একতা ট্রেনে নিরাপত্তার দায়িত্ব পালন করে দিনাজপুর রেল পুলিশ এবং দ্রুতযান ট্রেনে থাকে পার্বতীপুর রেল পুলিশ।
দ্রুতযান ও একতা ট্রেনে রেল পুলিশ পার্বতীপুর স্টেশন থেকে কমপক্ষে ৫০টি প্লাস্টিক চেয়ার এবং রেলের কর্মীরা ২০টি টুল তুলে খাওয়ার গাড়ি এবং অন্যান্য বগিতে সুবিধাজনক স্থানে রাখেন। ট্রেন স্টেশনে থামা মাত্রই দু-একজন পুলিশ কাউন্টারের সামনে গিয়ে বিনা টিকিটের যাত্রী সংগ্রহ করেন এবং চেয়ারে বসিয়ে জনপ্রতি ২৫০ থেকে ৩০০ টাকা আদায় করেন। টিকিট সংকট থাকলে কথিত চেয়ার-সেবার ভাড়ার পরিমাণও বেড়ে যায়। চেয়ার ও টুলে ভাড়া কম হওয়ায় অনেক যাত্রীই টিকিট না কেটে ভ্রমণ করেন।
টুলে রেল কর্মীরা প্রতিটি ট্রেনে ২০ জন করে যাত্রী বহন করেন। এই হিসাবে দুটি ট্রেন থেকে তাঁরা দিনে ২৭ হাজার ২০০ টাকা আয় করছেন। এ টাকার অঙ্ক মাসে প্রায় সাত লাখে পৌঁছে।