রেল মন্ত্রণালয় ও বরিশালে রেললাইন স্থাপনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলের জন্য পৃথক মন্ত্রণালয় ও যোগাযোগব্যবস্থার প্রসার, সেবার মান বৃদ্ধিসহ আধুনিকায়নের দাবিতে দেশের বিভিন্ন স্থানে গতকাল রোববার মানববন্ধন হয়েছে। দারিদ্র্য বিমোচন সংস্থা (দাবিস) নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের আয়োজনে এসব কর্মসূচিতে বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। নলছিটির কর্মসূচি থেকে বরিশাল অঞ্চলে রেল যোগাযোগ স্থাপনের দাবি জানানো হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:সৈয়দপুর (নীলফামারী): সৈয়দপুর রেলওয়ে স্টেশনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচিতে সৈয়দপুরের বিভিন্ন স্তরের নারী-পুরুষ অংশ নেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন মোখছেদুল মোমিন, মাসুদুল হক, রেজাউল ইসলাম, ম ম রেজাউল হক প্রমুখ।বক্তরা বলেন, রেলওয়ে হচ্ছে পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও নিরাপদ জনপরিবহন। অথচ এই খাত সব সময় অবহেলিত থেকেছে। এই খাতের উন্নয়নে প্রয়োজন পৃথক মন্ত্রণালয়। একই সঙ্গে সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়ন হলে এখানে বছরে ১৪২টি যাত্রীবাহী রেলকোচ ও সাড়ে চার হাজার মালবাহী ওয়াগন মেরামত করা সম্ভব হবে।পরে একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হয়। স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা আলম।আদমদীঘি (বগুড়া): বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে বেলা ১১টায় মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে রেলওয়ে যোগাযোগব্যবস্থার প্রসার, সেবার মান বৃদ্ধি, পৃথক মন্ত্রণালয় গঠন ও উন্নয়ন ত্বরান্বিত করার দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মো. ফজলুল হক খান, মো. আকরামুল ইসলাম, রুখসানা পারভিন, ডলি আজাদ এবং বিপুলসংখ্যক সাধারণ ট্রেনযাত্রী। মানববন্ধনে সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, রেলস্টেশনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পেশাজীবী ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।ঝালকাঠি: নলছিটি উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন এইচ এম আখতারুজ্জামান, খলিলুর রহমান মৃধা, ওপেন্দ্রনাথ রায়, রুবিনা নাছরিন, এইচ এম সিজার প্রমুখ। মানববন্ধন চলাকালে বক্তারা পদ্মা সেতু নির্মাণ করা হলে বরিশালের মানুষের নিরাপদ যাতায়াতের জন্য রেল যোগাযোগ স্থাপন করার দাবি জানিয়েছেন।মেহেরপুর: জেলায় রেললাইন স্থাপনের দাবিতে গতকাল মেহেরপুর সদর ও গাংনী উপজেলা শহরে পৃথক মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়। স্থানীয় কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক শ লোক উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১০টায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং গাংনী উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। পরে তাঁরা প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসক ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পেশ করেন।