রেল রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সিপিবি-বাসদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনের ভাড়া বৃদ্ধি ও রেল সংকোচনের প্রতিবাদে রাজধানীর রেলভবন অভিমুখে আজ বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। ছবিটি শিক্ষা ভবনের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম
ট্রেনের ভাড়া বৃদ্ধি ও রেল সংকোচনের প্রতিবাদে রাজধানীর রেলভবন অভিমুখে আজ বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। ছবিটি শিক্ষা ভবনের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

লোকসানের কথা বলে রেলের সেবা না বাড়িয়ে ভাড়া বাড়ানো হচ্ছে। ভাড়া বাড়িয়ে নয়, এ খাতকে যাত্রীবান্ধব করেই লোকসান কমানো সম্ভব। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।

রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত বাতিল, রেলওয়ের সব ধরনের দুর্নীতি-ভুলনীতি ও অপচয় বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, রেলওয়ের সম্পত্তি নিয়ে ব্যবসা চলছে। সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে রেলওয়ে। সরকার রেলকে সংকুচিত করে ব্যক্তিমালিকানাধীন পরিবহন খাতকে ধীরে ধীরে শক্তিশালী করছে। বাংলাদেশে ৮০ লাখ টাকায় ট্রেনের বগি তৈরি সম্ভব হলেও ইন্দোনেশিয়া থেকে ৪ কোটি টাকা দিয়ে বগি কেনা হচ্ছে।

বাসদের সাধারণ সম্পাদক খালিকুজ্জামান বলেন, রেলের মাধ্যমে অল্প সময় ও খরচে অনেক যাত্রী পরিবহন সম্ভব। পাশের দেশ ভারতে যখন ট্রেনের ভাড়া কমিয়ে লাভ করছে, সেখানে বাংলাদেশে যাত্রীভাড়া বাড়িয়ে রেলের লোকসান কমানোর কথা বলা হচ্ছে। ৬০০ কোটি টাকা ব্যয় করে ডেমু ট্রেন এনে লোকসান গুনছে সরকার। অথচ এই টাকা পরিকল্পিতভাবে ব্যয় করা হলে তা রেলে গতি সঞ্চার করত।

সিপিবির প্রেসিডিয়াম সদস্য শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবি নেতা আহসান হাবিব লাভলু, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন ও বজলুর রশীদ ফিরোজ।