রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় রেলওয়ের (কুলাউড়া-শাহবাজপুর রেলপথ) জায়গা অবৈধভাবে দখল করে বছরের পর বছর ধরে বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছে। কিন্তু এসব স্থাপনা উচ্ছেদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না।
রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলা সদরের কণ্ঠিনালা রেলসেতু থেকে কুইয়াছড়া রেলসেতু এলাকা পর্যন্ত ৩৭টি আবাসিক এবং নয়টি বাণিজ্যিক অবৈধ স্থাপনা রয়েছে। আইন অনুযায়ী, রেলপথ থেকে দুই পাশে ২০ ফুট দূরত্বের মধ্যে কোনো জায়গা ইজারা দেওয়া হয় না।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক দখলদার দাবি করেন, তাঁরা রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে জমি ইজারা নিয়ে স্থাপনা নির্মাণ করেছেন।
এলাকাবাসী জানান, ডাকঘর সড়ক এলাকায় রেলসেতুর মাটি কেটে দোকান নির্মাণের সময় স্থানীয় লোকজন বিষয়টি রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়। এরপর কুলাউড়া জংশন রেল পুলিশের (জিআরপি) একটি দল ঘটনাস্থল পরিদর্শনে এলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এলাকাবাসীর অভিযোগ, মোটা অঙ্কের টাকা উৎকোচ নিয়ে রেল পুলিশের লোকজন ফিরে যান।
তবে উৎকোচ নেওয়ার অভিযোগ অস্বীকার করে কুলাউড়া রেলওয়ে থানার ওসি স্বপন কান্তি বড়ুয়া জানান, ঘটনাস্থলে একজন এসআইকে পাঠানো হয়েছিল। পরে স্থাপনা অপসারণ করে সেখানে মাটি ভরাট করে দিতে বলা হয়েছিল ইজারাদার দাবিদার ব্যক্তিকে। এখনো তা না করলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের জরিপকারক আমিন উদ্দিন বলেন, অবৈধ দখলদারদের তালিকা তৈরি করে অনেক আগেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রধান কার্যালয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা নূরুন্নবী কবির মুঠোফোনে বলেন, খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।