রেলওয়ের দুই একর জমি দখলমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আমবাগানে রেলওয়ের প্রায় দুই একর জমি দখলমুক্ত করা হয়েছে। ওই জমিতে নির্মিত এসফল্ট প্ল্যান্টটি (নির্মাণসামগ্রী উৎপাদন ও মেশানোর কারখানা) গতকাল সোমবার গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফজাল হোসেন। এ সময় বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা, সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা মো. আবদুল বারী উপস্থিত ছিলেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে এক ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে সেগুনবাগান এলাকার একটি খোলা মাঠ দখল করে সেখানে এসফল্ট প্ল্যান্ট নির্মাণ করা হয়। ইট-বালু ও কংক্রিট এনে যন্ত্রের মাধ্যমে ভাঙা এবং মেশানো হতো এখানে। পরে এখান থেকে বিভিন্ন জায়গায় সরবরাহ করা হতো।
সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা মো. আবদুল বারী বলেন, ‘স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে রেলওয়ের দুই একর জায়গা দখল করে এসফল্ট প্ল্যান্ট করা হয়েছিল। আমরা এখন উচ্ছেদ করছি।’
বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা বলেন, ‘দুই একর জমি দখলমুক্ত করেছি। আমরা স্থাপনাটি গুঁড়িয়ে দিয়েছি। পাথর ও বালু সরিয়ে নেওয়া হচ্ছে।’ অভিযোগ প্রসঙ্গে জানতে ওই কাউন্সিলরের মুঠোফোনে একাধিকবার ফোন করা হয়। কিন্তু তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।