রেলওয়ের ভূমি বিক্রির তৎপরতা বন্ধে বিবৃতি
নারায়ণগঞ্জে রেলওয়ের ভূমি বিক্রির তৎপরতা বন্ধ, কোনো ব্যক্তির কাছে জমি বিক্রি বা ইজারা দেওয়া থাকলে তা দ্রুত বাতিল ও জিমখানায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পার্কের নির্মাণকাজ চালিয়ে যাওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। গতকাল কমিটির সভাপতি এ বি সিদ্দিক ও সাধারণ সম্পাদক আবদুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়, রেলওয়ে কর্তৃপক্ষ সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পার্ক নির্মাণের উদ্যোগকে বাধাগ্রস্ত করার তৎপরতায় লিপ্ত হয়েছে। বুধবার রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নুরুন্নবী কবির ও বিভাগীয় প্রকৌশলী মহিউদ্দিন আরিফ জিমখানায় গিয়ে পার্ক নির্মাণে কর্মরত শ্রমিকদের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এ সময় নুরুন্নবী কবির বলেন, জিমখানা এলাকার পাঁচ-ছয়টি প্লট রেলওয়ে বিক্রি করে দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি স্থানীয় ভূমিদস্যুদের সঙ্গে যোগসাজশে রেলওয়ে ও রাজউক নারায়ণগঞ্জে অবস্থিত ভূমি নতুন করে বিক্রির অপতৎপরতায় লিপ্ত হয়েছে। রেলওয়ে ও রাজউকের অসাধু কর্মকর্তা এবং নারায়ণগঞ্জের কিছু ভূমিদস্যু সম্মিলিতভাবে এখানে এখন ভূমি লুটপাটের উদ্যোগ নিয়েছে।