রেলওয়েকে পুনরুজ্জীবিত করা এবং তথ্যপ্রযুক্তির সম্প্রসারণে পৃথক রেলওয়ে ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় প্রতিষ্ঠার কথা সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার।প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স’-এর প্রথম সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেন।বৈঠক সূত্রে জানা গেছে, কারওয়ান বাজারে অব্যবহূত জনতা টাওয়ারকে আইসিটি পার্ক করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। আইসিটি নীতিমালার প্রয়োজনীয় সংশোধনী আনার বিষয়ে আলোচনা হয় বৈঠকে। বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন অব্যাহত রাখার কথা বলেন প্রধানমন্ত্রী। বিদ্যালয়ের শিক্ষকদেরও কম্পিউটার বা ল্যাপটপ দেওয়া সরকারের বিবেচনায় রয়েছে বলে প্রধানমন্ত্রী জানান। বিভিন্ন মন্ত্রণালয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি যেসব আইসিটি প্রকল্প রয়েছে, সেগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী।আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার ব্যাখ্যা করে বলেন, সরকার রেল যোগাযোগের গুরুত্ব এবং তথ্যপ্রযুক্তির এই যুগে সারা দেশে আইসিটি সম্প্রসারণের প্রয়োজনীয়তা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিচ্ছে। সংসদ টেলিভিশনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেছেন, এই টিভি স্টেশন সংসদ অধিবেশন চলাকালে সংসদের কার্যবিবরণী সম্প্রচার করবে। সংসদ অধিবেশন বন্ধ থাকলে এই টিভি বিভিন্ন শিক্ষামূলক এবং আইসিটি-বিষয়ক অনুষ্ঠান সম্প্রচার করবে।সূত্র জানায়, বৈঠকে আসন্ন রমজান মাসে কীভাবে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা যায়, সে বিষয়েও আলোচনা হয়। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য ঠেকাতে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি এফবিসিসিআইয়ের নেতাদের সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর যথেষ্ট মজুদ রয়েছে। তাই দাম বাড়ার কোনো কারণ নেই।বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, বিজ্ঞান ও আইসিটি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, টাস্কফোর্সের সদস্য ইয়াসমিন হক, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার, বেসিসের সভাপতি মাহবুব জামান প্রমুখ।