রেলওয়ে কোয়ার্টার দখলের চেষ্টা, সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের অব্যবহূত একটি কোয়ার্টার (আবাসিক ভবন) দখল নিয়ে গতকাল রোববার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এক পক্ষের নেতৃত্বে থাকা সৈয়দপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পৌর কাউন্সিলর ইকবাল হোসেন (৪২) ১০-১২ জন যুবককে সঙ্গে নিয়ে গতকাল সকালে উপজেলা সদরের সাহেবপাড়া মহল্লায় রেলওয়ের একটি অব্যবহূত কোয়ার্টার দখলে যান। এতে বাধা দেন ব্যবসায়ী মো. নাজির উদ্দিন (৪৮) ও তাঁর ভাইয়েরা। ব্যবসায়ীর বাসা ওই কোয়ার্টারের পাশেই। এ সময় দুই পক্ষের বাগিবতণ্ডার একপর্যায়ে ব্যবসায়ীর ওপর হামলা চালান কাউন্সিলরের লোকজন। আশপাশের লোকজন এগিয়ে এসে কাউন্সিলরের ওপর পাল্টা হামলা চালায়। এতে তিনি আহত হন।প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, কাউন্সিলর ইকবালের ওপর হামলা হয়েছে, এমন খবরে তাঁর অনুগত বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহত ব্যবসায়ী বলেন, ‘জনপ্রতিনিধি হলেও এমন কোনো অপরাধ নেই যা গুড্ডু (ইকবাল হোসেন) করে না। আমি ও আমার ভাইয়েরা কোয়ার্টার দখলে বাধা দিলে কাউন্সিলরের সামনেই তাঁর লোকেরা আমাদের পিটিয়ে আহত করেছে।’