রেলওয়ে নিরাপত্তা বাহিনী বিল পাস
রেলওয়ের সম্পত্তির রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও সুরক্ষায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী বিল ২০১৬ গতকাল সোমবার সংসদে পাস হয়েছে। রেলমন্ত্রী মুজিবুল হক বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
উচ্চ আদালতের রায় অনুযায়ী সামরিক শাসনামলে জারি করা রেলওয়ে নিরাপত্তা বাহিনী অধ্যাদেশ ১৯৭৬ বাতিল করতে আইনটি করা হয়েছে।
বিলের ওপর জাতীয় পার্টির ফখরুল ইমাম ও রওশন আরা মান্নান, স্বতন্ত্র সাংসদ হাজি সেলিম ও আবদুল মতিন নোটিশ দেন। বিলের ওপর তাঁরা আলোচনা করেন। স্পিকার তাঁদের একাধিকবার সময় বাড়িয়ে কথা বলার সুযোগ দেন। বিলটি পাস হতে আধা ঘণ্টার বেশি সময় লাগে। তবে মন্ত্রী বিরোধীদলীয় ও স্বতন্ত্র সদস্যদের কোনো সংশোধনী প্রস্তাব গ্রহণ করেননি।
বিলটিকে অন্য আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং এ বিষয়ে স্পিকারের রুলিং দাবি করে ফখরুল ইমাম বলেন, ‘মন্ত্রী আমার প্রশ্নের ব্যাখ্যা দেননি। আমাদের সঙ্গে থাকতে থাকতে স্বৈরাচার হয়ে গেছেন।’
বিলে বলা হয়েছে, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য অবাধ্য, শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরণ, দুর্নীতি, কর্তব্যে অবহেলা বা শিথিলতা দেখালে তাঁকে বরখাস্ত, অপসারণ, বাধ্যতামূলক অবসর, পদাবনতি, পদোন্নতি স্থগিত করা যাবে।