ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন ধরে দ্বিতীয় মেইল ট্রেনের কোনো টিকিট নেই। এ কারণে যাত্রীদের কাছে কোনো টিকিট বিক্রি হচ্ছে না।নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম কর্ণফুলী এক্সপ্রেস, চাঁদপুর-চট্টগ্রাম সাগরিকা এক্সপ্রেস, চট্টগ্রাম-বাহাদুরাবাদ জগন্নাথগঞ্জ ঘাট এক্সপ্রেস, সিলেট-চট্টগ্রাম জালালাবাদ এক্সপ্রেস আপ ও ডাউন ট্রেনের টিকিট নেই। যাত্রীরা বাধ্য হয়ে বিনা টিকিটে এই স্টেশন থেকে নির্বিঘ্নে ভ্রমণ করছে।সূত্র আরও জানায়, ওই স্টেশন থেকে চট্টগ্রামের পাহাড়তলী, কুমিরা, বাড়বকুণ্ড, সীতাকুণ্ড, চিনকি আস্তানা; চাঁদরপুরের সাহাতলী, মধু রোড, হাজীগঞ্জ, মেহের, শাহরাস্তি, লাকসাম এবং লালমাই, কুমিল্লা, কসবা, আখাউড়া পর্যন্ত দ্বিতীয় মেইল ট্রেনের টিকিট না থাকায় পাঁচ মাস ধরে বিক্রি করা যাচ্ছে না।লাকসাম স্টেশনে ফারুক হোসেন নামে এক যাত্রী বলেন, ‘চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে নাঙ্গলকোট থেকে উঠেছি। কিন্তু লাকসামে আসার পর বিনা টিকিটের অজুহাতে টিটিই (ট্রেনে টিকিট পরীক্ষক) আমার কাছ থেকে চট্টগ্রামের ভাড়া আদায় করেছেন।’লাকসামে কর্মরত টিসি (টিকিট সংগ্রাহক) মো. আবদুল মান্নান জানান, রেলওয়ের বিধি অনুযায়ী বিনা টিকিটে যাত্রীর কাছ থেকে প্রারম্ভিক স্টেশন থেকে গন্তব্য পর্যন্ত ভাড়া আদায় করতে পারেন। তবে এ ক্ষেত্রে অবশ্যই রসিদ দেওয়ার বিধান রয়েছে।টিটিই আবুল কাশেম বলেন, নাঙ্গলকোট স্টেশন থেকে টিকিট দিতে না পারায় ওই স্টেশন থেকে ট্রেনে ওঠা যাত্রীদের কাছে টিকিট চাইতে গিয়ে নানা সমস্যার সৃষ্টি হয়। এ কারণে যাত্রীরা অবাধে বিনা টিকিটে ভ্রমণ করছে।নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনমাস্টার (এসএম) মো. ইউনুছ জানান, প্রয়োজনীয় টিকিট বরাদ্দের জন্য গত জানুয়ারি মাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে চাহিদাপত্র পাঠানো হয়েছে। রেলওয়ে ট্রাফিক পরিদর্শক (টিআই) মাসুদ সারওয়ার টিকিট সংকটের সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, চাহিদা অনুযায়ী ইতিমধ্যে কিছু টিকিট সরবরাহ করা হয়েছে। অবশিষ্টগুলো দ্রুত সরবরাহের চেষ্টা চলছে।