রেলওয়ের অবৈধ দখলে থাকা জমি উদ্ধারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে অবৈধ দখলে থাকা রেলের জমি উদ্ধারের সুপারিশ করেছে সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটি। বিশেষ করে রাজধানী ঢাকা এবং চট্টগ্রামে অবৈধ দখলে থাকা রেলওয়ের জমির তালিকা করে তা কাজে লাগানোর সুপারিশ করা হয়েছে।সভায় একজন সদস্য প্রথম আলোয় প্রকাশিত রাজধানীর সায়েদাবাদে রেলওয়ের অবৈধ দখলে থাকা জমির বিষয়টি উত্থাপন করে তা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেন। এ সময় কমিটির অন্য সদস্যরাও এর সঙ্গে একমত পোষণ করেন বলে জানা গেছে।কমিটি অবৈধ দখলে থাকা সম্পত্তি উদ্ধার করে নিয়ম অনুসারে লিজ দেওয়ার সুপারিশ করে। গত বুধবার প্রথম আলোয় ‘রেলের জমিতে অবৈধ মার্কেট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সায়েদাবাদ রেলক্রসিংয়ের উত্তরে ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের পূর্বপাশ ঘেঁষে প্রায় ৭৭ শতাংশ রেলভূমির ওপর এই মার্কেট করা হয়েছে। ‘সায়েদাবাদ সুপার মার্কেট দোকান মালিক সমিতির’ নামে রেলের জমি দখল করা হলেও এর মূল উদ্যোক্তা যুবলীগের স্থানীয় কয়েকজন নেতা।গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির এ সভায় সভাপতিত্ব করেন মহীউদ্দীন খান আলমগীর। সভায় কমিটির সদস্য অধ্যাপক আলী আশরাফ, চিফ হুইপ আব্দুস শহীদ, টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক ও নারায়ণ চন্দ্র চন্দ উপস্থিত ছিলেন। সভায় যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের রেলওয়ের ওয়ার্কশপগুলোর কর্মকাণ্ড ও আর্থিক ব্যবস্থাপনার ২০০১-০৪ অর্থবছরের পাঁচটি অডিট আপত্তি নিয়ে আলোচনা হয়।