চট্টগ্রামে গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, দুর্নীতি ও অপচয় রোধ করা গেলে রেলওয়েকে আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব হবে। গতকাল শনিবার সকালে রেলওয়ে অফিসার্স ক্লাবে এই গোলটেবিল বৈঠক হয়।জাতীয় রেল রক্ষা সামাজিক আন্দোলন ফোরাম এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সরকারি প্রতিষ্ঠানসংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মঈন উদ্দিন খান। ফোরামের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সঞ্চালক ছিলেন কমরেড শাহ আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শ্রমিকনেতা আমিনুল ইসলাম খান। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক এম এ আলীম, অধ্যাপক শায়েস্তা খান, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, মাজহারুল হক শাহ ও ওয়ার্ড কাউন্সিলর রেহেনা বেগম।বক্তারা বলেন, রেলওয়ের দুর্নীতি ও অপচয় রোধ করে সঠিক নীতি ও পরিকল্পনা গ্রহণ করা গেলে রেলকে আন্তর্জাতিক মানে নেওয়া সম্ভব। বক্তারা জনস্বার্থে একটি গ্রহণযোগ্য ও যুগোপযোগী রেল পরিবহননীতি করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। মূল প্রবন্ধে সংগঠনের পক্ষ থেকে নয় দফা পরামর্শ ও সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে রেলশিল্পের উন্নয়নে এগিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।