রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, রেলওয়ের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে বর্তমান সরকার কাজ করছে। এবারের বাজেটে রেলওয়ের উন্নয়নের জন্য বিগত যেকোনো সময়ের চেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এতে করে যাত্রীদের সেবার মান বাড়বে। একই সঙ্গে রেলস্টেশনের উন্নয়ন, রেললাইন নির্মাণ ও নতুন নতুন ট্রেন চালু করা সম্ভব হবে। গতকাল শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী এসব কথা বলেন। মো. মুজিবুল হক বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথের লাকসাম থেকে ফেনী পর্যন্ত ৪২ কিলোমিটার ডাবল লাইন নির্মাণকাজ আগামী তিন-চার মাসের মধ্যে শেষ হবে। এর আগে রেলপথমন্ত্রী শুক্রবার দিনব্যাপী রেলের মোটরাইজড গ্যাং ট্রলিতে করে কুমিল্লার লাকসাম থেকে চিনকি আস্তানা পর্যন্ত ওই কাজ পরিদর্শন করেন। তিনি ডাবল লাইনের কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন। ওই সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন রেলওয়ের মহাপরিচালক আবু তাহের, পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক তাফাজ্জল হোসেন, প্রধান প্রকৌশলী এস এম লিয়াকত আলী, রেলের ডাবল লাইন কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সের চেয়ারম্যান আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।