রেলওয়ের কর্মচারীকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআরকে ট্রেন তল্লাশি করতে দেওয়ায় রেলওয়ে পুলিশ (জিআরপি) রেলের এক কর্মচারীকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। বিরামপুর রেলস্টেশনের মাস্টার আবদুল বাকী জানান, খুলনা থেকে সৈয়দপুরগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি গত শুক্রবার বিকেলে এই স্টেশনে এসে থামে। এ সময় বিডিআরের বিরামপুর বিশেষ ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার শফিউদ্দিন হাওলাদার ১০ মিনিটের জন্য ট্রেনটি তল্লাশির অনুমতি চান। তিনি (বাকী) বিডিআরকে সাত মিনিট তল্লাশির অনুমতি দেন। স্টেশন মাস্টার জানান, এর কিছুক্ষণ পর হইচই শুনে তিনি অফিস কক্ষ থেকে বেরিয়ে দেখেন, তল্লাশি শেষে ট্রেনটি চলতে শুরু করেছে। কিন্তু রেলওয়ে পুলিশের কয়েকজন সদস্য ও চোরাকারবারি স্টেশনে কর্তব্যরত পয়েন্টসম্যান মো. আতিয়ার রহমানকে মারধর করতে করতে ট্রেনে তোলার চেষ্টা করছে। এ সময় আতিয়ারকে পুলিশ ও চোরাকারবারির কবল থেকে উদ্ধার করেন কয়েকজন বিডিআর সদস্য। পয়েন্টসম্যান মো. আতিয়ার রহমান বলেন, তিনি ট্রেনের লাইন ক্লিয়ার দিয়ে স্টেশন মাস্টারের কক্ষের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ‘তুই বিডিআরকে ট্রেনে ওঠার সুযোগ দিয়েছিস’—এ কথা বলে রেলওয়ে পুলিশের কয়েকজন সদস্য ও চোরাকারবারি তাঁকে মারতে মারতে ট্রেনে তোলার চেষ্টা করে। নায়েক সুবেদার শফিউদ্দিন হাওলাদার বলেন, ট্রেনে চোরাই পণ্যের একটি বড় চালান যাচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে ট্রেনে তল্লাশি চালানো হয়েছে। রেলস্টেশনের মাস্টার আবদুল বাকী প্রথম আলোকে জানান, এ ঘটনায় রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। বিভাগীয় রেল কর্মকর্তা (পাকশী) মাহবুবুল আলম বলেন, রেলওয়ে পুলিশ সুপারকে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।