রেলওয়ের কলোনি থেকে উচ্ছেদকৃতদের পুনর্বাসন ও মামলা প্রত্যাহার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে রেলওয়ের কলোনি থেকে উচ্ছেদকৃতদের পুনর্বাসন, রেলওয়ের সম্পত্তি লুটপাট বন্ধ এবং ‘হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে প্রতীকী অনশন পালিত হয়েছে। উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ও রেলের ভূমি রক্ষায় সচেতন নারায়ণগঞ্জবাসীর ব্যানারে গতকাল সোমবার ওই কর্মসূচির আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ রেলস্টেশন এলাকায় বেলা ১১টা থেকে সোয়া একটা পর্যন্ত চলা ওই কর্মসূচিতে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি রফিউর রাব্বির সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবদুর রহমান, খেলাঘর আসরের সভাপতি রথিন চক্রবর্তী, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক দুলাল সাহা, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক হিমাংশু সাহা, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর যুবদলের নেতা মাকসুদুল আলম খন্দকার প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রেলওয়ের কতিপয় অসাধু কর্মকর্তা, স্থানীয় ভূমিদস্যু ও রাজনীতিকের যোগসাজশে রেলওয়ের সম্পত্তি লুটপাটের ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে প্রতিবাদকারীদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বক্তারা উচ্ছেদ অভিযান ও দোকান ভাগাভাগির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে বিচার করা, লুটপাট বন্ধ করে রেলওয়ের সব সম্পত্তি জনগণের স্বার্থে ব্যবহারের জন্য সিটি করপোরেশনের কাছে হস্তান্তর ও উচ্ছেদের ফলে ক্ষতিগ্রস্ত হওয়া ব্যক্তিদের পুনর্বাসন করা ও ক্ষতিপূরণ দেওয়া এবং পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।প্রতীক অনশন কর্মসূচি থেকে ১৮ মে শুক্রবার চাষাঢ়া কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে গণসমাবেশ করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়। উল্লেখ্য, শনিবার নারায়ণগঞ্জে রেলওয়ের কলোনিতে গড়ে ওঠা বসতঘর ও দোকানপাট উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এলাকাবাসী-পুলিশ সংঘর্ষে অর্ধশত ব্যক্তি আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করে।