রেলওয়ের কারখানা থেকে কোটি টাকার তার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রেলের ইঞ্জিন মেরামতের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) থেকে গত মঙ্গলবার রাতে বিপুল পরিমাণ পিতল ও তামার তার চুরি হয়েছে। চুরি হওয়া তারের মূল্য প্রায় কোটি টাকা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী হাসান মনসুর জানান, মঙ্গলবার সন্ধ্যা সাতটায় তাঁর উপস্থিতিতে কারখানার মূল ভবনের সব সেকশনের ফটক তালাবদ্ধ ও সিলগালা করা হয়। গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে ল্যাবরেটরি কক্ষের একটি তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়। পরে ল্যাবরেটরি কক্ষের ভেতরে ঢুকে দেখা যায়, সেখানে রাখা ৪৫ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) পিতলের টুকরাসহ রাবার মোড়ানো তামার বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার চুরি হয়ে গেছে। চুরি হওয়া মালামালগুলো ২১ মার্চ থেকে সেখানে রাখা ছিল।