উচ্ছেদ করতে এসেও রহস্যজনক কারণে ফিরে গেলেন কর্মকর্তা
রেলওয়ের কার্যালয়ের আঙিনায় শ্রমিক লীগের কার্যালয় নির্মাণ!

রেলওয়ের পশ্চিমাঞ্চলের কার্যালয়ের আঙিনার ভেতরে কার্যালয় নির্মাণ করছে শ্রমিক লীগ। গত চারদলীয় জোট সরকারের আমলে বিএনপি ও জামায়াতের দুটি শ্রমিক সংগঠনও সেখানে কার্যালয় তৈরি করে, যা এখনো রয়েছে। গতকাল বৃহস্পতিবার অবৈধ এসব কার্যালয় উচ্ছেদের কথা থাকলেও রহস্যজনক কারণে তা করা হয়নি।
গতকাল সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শ্রমিক লীগের নির্মাণাধীন ওই কার্যালয়ের বাঁ পাশে রয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার ইনচার্জের কার্যালয়। আর ডান পাশে রয়েছে রেলওয়ে কল্যাণ ট্রাস্টের কার্যালয়। শ্রমিক লীগের কার্যালয়টির নির্মাণকাজ চলছে সপ্তাহ খানেক আগে থেকে। জায়গাটির বাঁ পাশের একটি গাছে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। তাতে লেখা আছে, ‘নির্ধারিত স্থান, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ, সদর দপ্তর শাখা, রাজশাহী’। নির্মাণস্থলে মালামাল নেওয়ার সুবিধার্থে ইতিমধ্যে রেলওয়ের সীমানাপ্রাচীর ভেঙে পথ করা হয়েছে।
ঘটনাস্থলে তিনজন শ্রমিককে কাজ করতে দেখা যায়। দুজন রেলপথের পাশের একটি নর্দমা ভেঙে পুরোনো ইট তুলছেন। আরেকজন তা নিয়ে যাচ্ছেন নির্মাণাধীন কার্যালয়ের স্থলে। নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে সেই ইটই। ইতিমধ্যে কার্যালয়ের দেয়াল তোলার কাজ অর্ধেক শেষ হয়েছে। মোট তিনটি কক্ষ ও একটি বাথরুমের কাঠামো নির্মাণ করা হচ্ছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, এ নির্মাণকাজ শুরুর পরপরই রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে একটি চিঠি দেওয়া হয়। গতকাল বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা রাজশাহীতে এসে অবৈধ কার্যালয় উচ্ছেদ করার কথা ছিল। গতকাল দুপুরে তিনি পাকশী থেকে রাজশাহীতে রেলওয়ের পশ্চিমাঞ্চল কার্যালয়ে আসেনও। তবে শ্রমিক লীগের নেতারা ওই কর্মকর্তার সঙ্গে দেখা করে তাঁদের কার্যালয় উচ্ছেদ না করতে চাপ দেন। একপর্যায়ে তিনি উচ্ছেদ অভিযান না চালিয়েই পাকশীতে ফিরে যান।
এদিকে রেলওয়ের ভিআইপি রেস্ট হাউসের পাশে আগে থেকেই শ্রমিক লীগের একটি কার্যালয় রয়েছে। তার পরও তারা অবৈধভাবে পশ্চিমাঞ্চল কার্যালয় চত্বরে আরেকটি কার্যালয় নির্মাণ করছে।
জানতে চাইলে রাজশাহী রেলওয়ে সদর দপ্তর শাখা শ্রমিক লীগের সভাপতি খন্দকার ফিরোজার রহমান বলেন, তিনি পদোন্নতি পেয়ে কর্মকর্তা হওয়ার পর থেকে গত এক বছরে শ্রমিক লীগের কোনো সভায় যোগ দেননি। তবে তিনি গতকাল শ্রমিক লীগের কার্যালয় নির্মাণকাজটি দেখেছেন। তিনি বলেন, চারদলীয় জোট সরকারের সময় রেলওয়ের প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে ১৫ গজের মধ্যে বিএনপি ও জামায়াত তাদের শ্রমিক সংগঠনের কার্যালয় করে। গাছ কেটে তারা ওই কার্যালয় নির্মাণ করে।
রাজশাহী শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ওয়ালি খান গতকাল প্রধান ভূসম্পত্তি কর্মকর্তার সঙ্গে দেখা করেন। তবে কার্যালয় উচ্ছেদ না করতে ওই কর্মকর্তাকে কোনো চাপ দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। ওয়ালি খান বলেন, ওই জায়গায় কার্যলয় নির্মাণ করা বেআইনি, তা তাঁরা জানেন। তবে বিএনপি-জামায়াত আগে যেভাবে করেছে, তাঁদেরটাও সেভাবে হচ্ছে। বিষয়টি এই দৃষ্টিকোণ থেকে দেখতে তিনি ওই কর্মকর্তাকে অনুরোধ করেছেন মাত্র। নর্দমার ইট ব্যবহারের কথাও স্বীকার করেন তিনি।
এ ব্যাপারে বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মোস্তাক আহাম্মদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে পশ্চিম রেলওয়ের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা বাসিরুল আলম বলেন, শ্রমিক লীগের কার্যালয় তৈরির বিষয়টি তাঁদের নজরে আসার পরপরই তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। গতকাল উচ্ছেদ অভিযানের বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা দাপ্তরিক কাজে তাঁর সঙ্গে দেখা করতে রাজশাহীতে এসেছিলেন।