চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ রেলস্টেশনের কোটি টাকা মূল্যের এক একর ২৫ শতাংশ জমি ব্যক্তিমালিকানায় রেকর্ডভুক্ত হয়ে গেছে। আলোচিত জমিটি বিক্রির ঘোষণা দিয়ে পত্রিকায় বিজ্ঞাপনও ছাপা হয়েছে। সপ্তাহ খানেক ধরে তথাকথিত মালিকপক্ষ জমিটি বিক্রির পাঁয়তারা করলে বিষয়টি জনসমক্ষে চলে আসে।এর আগে জমির মালিকানা নিষ্পত্তি চেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ আদালতে একটি মামলা করে।অনুসন্ধানে জানা গেছে, উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের রায়হান উদ্দিন মুন্সিগঞ্জ রেলস্টেশনের দক্ষিণ-পশ্চিম কোণে রেললাইনঘেঁষা ওই জমিতে ১৫টি অস্থায়ী অবকাঠামো তৈরি করে ভাড়া দিয়ে আসছিলেন। স্থানীয় ব্যবসায়ীরা এত দিন জানতেন, রেলওয়ের কাছ থেকে তিনি জমি ইজারা নিয়েছেন।রেলওয়ের একটি সূত্র জানায়, মুন্সিগঞ্জ রেলস্টেশনে রেললাইনের দুই পাশের ২৫ ফুট করে জমি সরকারি সম্পত্তি। ওই স্থানেই রায়হান উদ্দিন ঘর করে দোকান ভাড়া দিয়েছেন।সম্প্রতি রায়হান উদ্দিন উল্লিখিত জমির ব্যক্তিমালিকানা দাবি করে বিক্রির জন্য স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন প্রকাশের পর ভাড়াটে ব্যবসায়ীসহ স্থানীয় লোকজনের মনে প্রশ্ন দেখা দেয়। বিষয়টি বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের কর্মকর্তাদের গোচরে আনা হয়। বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল) পাকশীর, ভূসম্পত্তি কর্মকর্তা কিরণচন্দ্র রায়ের নির্দেশে পোড়াদহ স্টেশনের ফিল্ড কানুনগো জিয়াউল হক ঘটনার তদন্ত করে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন দেন।কানুনগো জিয়াউল হক তদন্তকালে জানতে পারেন, মুন্সিগঞ্জ রেলস্টেশনের রেললাইনঘেঁষা এক একর ২৫ শতাংশ জমি ১৯৬২ সালে এসএ এবং ১৯৮২ সালের আরএস রেকর্ডে মৃত বোরহান উদ্দিনের (রায়হান উদ্দিনের দাদা) নামে রেকর্ডভুক্ত করা হয়েছে।ফিল্ড কানুনগোর কাছ থেকে প্রতিবেদন পাওয়ার পর ভূসম্পদ কর্মকর্তা কিরণচন্দ্র রায় তা বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল) রাজশাহীর মুখ্য ভূসম্পত্তি কর্মকর্তা মো. কামাল উদ্দিনকে জানান। কামাল উদ্দিন তা মহাব্যবস্থাপক আমজাদ হোসেনকে লিখিতভাবে জানান। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট কর্মকর্তাসহ অনেকেরই মনে প্রশ্ন দেখা দেয়, রেললাইনঘেঁষা রেলওয়ের এত মূল্যবান সম্পত্তি কীভাবে ব্যক্তিমালিকানায় রেকর্ডভুক্ত হলো!এ ব্যাপারে রেলওয়ের মহাব্যবস্থাপক আমজাদ হোসেন বাদী হয়ে আলোচিত জমি দখলমুক্ত ও মালিকানা বিষয়ে নিষ্পত্তি চেয়ে গত ২৬ জানুয়ারি চুয়াডাঙ্গার সহকারী জজ আদালতে মামলা করেছেন, যা বর্তমানে বিচারাধীন। এ ছাড়া আলোচিত জমিতে থাকা ভাড়াটে ব্যবসায়ী লুৎফর রহমান উচ্ছেদ বন্ধের দাবি জানিয়ে গত বছরের ২৯ ডিসেম্বর আদালতে আরও একটি মামলা করেন। লুৎফর রহমানের মামলার পরিপ্রেক্ষিতে আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত জমিতে ১৪৫ (১) ধারা জারি করেছেন। এদিকে মামলা নিষ্পত্তি হওয়ার আগেই সপ্তাহ খানেক ধরে রায়হান উদ্দিন ওই জমি বিক্রির জন্য পাঁয়তারা করছেন বলে ভাড়াটে ব্যক্তিরা অভিযোগ করেছেন।রেলওয়ে পাকশীর ভূসম্পত্তি কর্মকর্তা কিরণচন্দ্র রায় গতকাল বুধবার প্রথম আলোকে জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর চলতি বছরের জানুয়ারিতে খোঁজ নিয়ে জানতে পারেন, রেলওয়ের ওই জায়গা ইজারা ছাড়াই একটি মহল কয়েক বছর ধরে ভোগদখল করে আসছে।অভিযুক্ত রায়হান উদ্দিন মুঠোফোনে জানান, ব্রিটিশ শাসনামলে তাঁর দাদা মৃত বোরহান উদ্দিন তৎকালীন জমিদার ঋষিকেশ বিশ্বাসের কাছ থেকে আলোচিত এক একর ২৫ শতাংশ জমি কিনেছিলেন। তবে জমি বিক্রির বিষয়ে পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনটি তাঁর নিজের দেওয়া নয়—এই দাবি করে তিনি বলেন, ‘আমাদের বেকায়দায় ফেলতে পত্রিকায় কেউ বিজ্ঞপ্তি দিয়েছে।’