রেলওয়ের জমিতে উঠছে বহুতল ভবন, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর শহরের সাহেবপাড়ায় পুলিশি নিষেধাজ্ঞা সত্ত্বেও রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন। এ ঘটনায় গতকাল রোববার দ্বিতীয় দফায় দখলদারের বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল সরেজমিনে দেখা যায়, রেলওয়ের জমিতে ব্যবসায়ী নাজিব উদ্দিন বহুতল ভবনটি নির্মাণ করছেন। গত শুক্রবার থেকে ওই ভবনের নির্মাণকাজ চলছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
নাজিব উদ্দিন জানান, তাঁর বাবা ১৯৪৭ সালে দেশ বিভাগের পর ভারতের বিহার থেকে সৈয়দপুরে আসেন। ওই সময় সাহেবপাড়া রেলওয়ে কলোনিতে প্রায় পাঁচ শতক জমি দখল করে সেখানে অস্থায়ী ঘর নির্মাণ করা হয়। বহুবার ওই জমি থেকে রেলওয়ে কর্তৃপক্ষ তাঁদের উচ্ছেদের চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি।
সৈয়দপুর রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী শেখ নাঈমুল হক জানান, মানবিক কারণে অতীতে ওই উদ্বাস্তু পরিবারটিকে বসবাসে বাধা দেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ। কিন্তু দিনে দিনে তাঁরা এ দেশে বিত্তশালী হয়ে উঠলেও রেলওয়ের জমি থেকে স্থাপনা সরিয়ে নেননি। এ অবস্থায় গত ১৭ সেপ্টেম্বর রেলওয়ের জমিটি অবৈধ দখলমুক্ত করতে নাজিব উদ্দিনের বিরুদ্ধে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। রেলওয়ের মাঠ কানুনগো আকমল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলার পরিপ্রেক্ষিতে সৈয়দপুর থানা থেকে তাঁকে সতর্ক করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমান জানান, রেলওয়ের জমি থেকে নাজিবকে অবৈধ স্থাপনা দ্রুত সরিয়ে নিতে বলা হয়েছে। কিন্তু পুলিশি বাধা না মেনে ওই জমিতে আবারও বহুতল ভবন নির্মাণ শুরু করা হয়েছে।
রেলওয়ের সৈয়দপুর পূর্ত বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, রেলওয়ের জমিতে কোনোভাবেই স্থায়ী স্থাপনা নির্মাণের সুযোগ নেই। যদি কোনো বসবাসকারী ইজারা বা বন্দোবস্ত নিয়ে সেখানে বসবাস করতে চান, সে ক্ষেত্রে অস্থায়ী ঘরবাড়ি তুলে থাকতে পারেন। স্থায়ী ভবন নির্মাণ সম্পূর্ণ বেআইনি। নাজিব উদ্দিন আইন ভেঙে ভবন নির্মাণ করায় তাঁর বিরুদ্ধে গতকাল সৈয়দপুর থানায় দ্বিতীয়বারের মতো মামলা দায়ের করা হয়েছে।
সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন জানান, ভবনটি অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে। পৌরসভা থেকে কোনো নকশারও অনুমোদন নেওয়া হয়নি। তা ছাড়া রেলের জমিতে নকশা অনুমোদনের ক্ষেত্রে আইনি জটিলতাও রয়েছে। ওই স্থাপনা নির্মাণে বাধা দেওয়া হলেও নাজিব তা শোনেননি।
শেখ নাঈমুল হক জানান, দু-এক দিনের মধ্যেই ওই স্থাপনা উচ্ছেদ করা হবে।