রেলওয়ের জলাশয় ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরে রেলওয়ের মালিকানাধীন প্রায় এক একর আয়তনের জলাশয় ভরাট করছে একটি প্রভাবশালী চক্র। কিন্তু ভরাট বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সরেজমিনে দেখা যায়, খননযন্ত্র (ড্রেজার) দিয়ে নদী থেকে বালু তুলে শহরের মিশন রোড এলাকায় রেলওয়ের ওই জলাশয়টি ভরাট করা হচ্ছে। স্থানীয় কয়েকজন জানান, জলাশয় ভরাটকারীরা এখানে বিপণিবিতান তৈরি করবেন বলে জানিয়েছেন। দোকান বরাদ্দ দেওয়ার কথা বলে তাঁরা লোকজনের কাছ থেকে অগ্রিম টাকাও নিচ্ছেন ।
১৫ দিন আগে জলাশয় ভরাট শুরু হলে প্রতিবাদ জানান চাঁদপুর রেলওয়ে কর্মকর্তা মো. জাহান শরীফ ও রেল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান। কিন্তু তাতে কাজ হয়নি। জাহান শরীফ ও হান্নান জানান, অবৈধভাবে রেলের জলাশয় ভরাটের প্রতিবাদ করলে তাঁদের হুমকি-ধমকি দেওয়া হয়।
জলাশয় ভরাটে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, নব্বইয়ের দশক থেকে কৃষিকাজের জন্য ছয়জন লোক ওই জলাশয় রেলের কাছ থেকে ইজারা নেন। জলাশয়টি অগভীর ও ময়লায় পরিপূর্ণ হওয়ায় তাঁরা মাছ চাষ করতে পারেননি। কিন্তু বছরের পর বছর ইজারার টাকা দিয়ে গেছেন। এখন তাঁরা জলাশয়টি ভরাট করে ফল-ফলাদির বাগান করার উদ্যোগ নিয়েছেন। তবে রেলের জন্য ২০ ফুট এবং পৌরসভার রাস্তার জন্য ৩০ ফুট জায়গা বাদ দিয়ে তাঁরা বাগান করবেন।
পরিবেশ অধিদপ্তরের চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরেফিন জানান, এভাবে জলাশয় ভরাট আইনের পরিপন্থী। এ জন্য কেউ তাঁদের কাছ থেকে কোনো অনুমতিও নেননি।
রেলওয়ের ভূমি বিভাগের কানুনগো আবদুল হালিম মুঠোফোনে জানান, ভরাটকারীদের একাংশের নেতৃত্ব দিচ্ছেন চাঁদপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডি এম শাহজাহান। তাঁর বিরুদ্ধে চাঁদপুর রেলওয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
যোগাযোগ করলে কাউন্সিলর শাহজাহান দাবি করেন, তিনি এই দখল প্রক্রিয়ার সঙ্গে কোনোভাবেই জড়িত নন।