রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সান্তাহার-লালমনিরহাট রেলওয়ের গাইবান্ধা রেলস্টেশন-সংলগ্ন রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে গোডাউন রোড ও হকার্স মার্কেটের অর্ধশতাধিক দোকানপাট ও রেলস্টেশনের দক্ষিণ রেলক্রসিং এলাকায় রেলওয়ের পুকুরের জায়গায় নির্মাণাধীন দুটি অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম। এ সময় রেলওয়ের লালমনিরহাট অঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তীসহ রেলওয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আশীষ কুমার বলেন, রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা গাইবান্ধা রেলস্টেশনের আশপাশে রেলপথের দুই পাশে অসংখ্য দোকানপাট গড়ে তোলেন। এমনকি দক্ষিণ রেলক্রসিং এলাকায় পুকুরের জায়গা দখল করে সেখানে পাকা ভবন নির্মাণের কাজও শুরু করা হয়। এ ব্যাপারে গত ২৬ মার্চ সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে থানায় মামলা করেন রেলওয়ের লালমনিরহাট অঞ্চলের ভূসম্পত্তি বিভাগের কর্মকর্তা। এ নিয়ে ১১ এপ্রিল প্রথম আলোতে ‘গাইবান্ধায় বেদখল হচ্ছে রেলওয়ের জায়গা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।