রেলওয়ের জায়গায় দোকান করেছেন আ.লীগের কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাগমারা বাজারে রেলওয়ের জায়গা দখল করে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ২২টি দোকান নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেললাইনের ৫৬ ফুটের মধ্যে সপ্তাহখানেক আগে এসব দোকানপাট নির্মাণ শেষ হয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানে দোকানপাট নির্মাণ করায় যেকোনো সময়ে দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। গত বুধবার সরেজমিনে দেখা গেছে, ওপরে টিনের চাল আর চারপাশে টিনের বেড়া দিয়ে এক সারিতে ২২টি দোকান নির্মাণ করা হয়েছে। বাগমারা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, ওই এলাকায় অবৈধভাবে রেলওয়ের জায়গা দখলকারী দুতিয়াপুর গ্রামের মো. হানিফ, ফজলু মিয়া; বাগমারার রহিম মিয়া, বকুল মিয়া, মো. দুলাল, রং বাদশা; জয়কামতা গ্রামের আবদুল খালেক; জামুয়ারপাড় গ্রামের আয়াতউল্লাহসহ ২০ জন ব্যক্তির নামের তালিকা ২০ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পৌঁছানো হয়েছে। তাঁরা প্রত্যেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাগমারা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম এবং সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রফিকুল ইসলামের নেতৃত্বে এসব দোকান বিভিন্ন ব্যক্তির নামে বরাদ্দ দেওয়া হয়। তাঁরা অগ্রিম টাকা জমা দিয়ে এসব দোকান আবুল কাশেম ও রফিকুল ইসলামের কাছ থেকে বরাদ্দ নিয়েছেন।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘কোনো অবস্থাতেই অবৈধ দখল-প্রক্রিয়ার সঙ্গে আমি জড়িত নই।’ সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রফিকুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে রেলওয়ের জমিতে দোকান করে তা বরাদ্দ দেওয়ার অভিযোগ মিথ্যা।’ সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, ‘অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদের মামলা হচ্ছে। মামলা হওয়ার পরই আমরা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেব।’ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা শংকর রঞ্জন সাহা রোববার বলেন, ‘সেখানে কারা দোকান নির্মাণ করছে, তা জানি না। খোঁজ নিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’