রেলওয়ের ডিজেল চুরি-পাচারের ঘটনায় উদ্বেগ
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও গোয়েন্দাদের সার্বক্ষণিক পাহারা সত্ত্বেও ঈশ্বরদীতে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহৎ রেলওয়ের লোকোমোটিভ কারখানার ডিপো থেকে অহরহ হাইস্পিড ডিজেল চুরি ও পাচারের ঘটনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।জেলা প্রশাসক এ এফ এম মঞ্জুর কাদিরের সভাপতিত্বে গত সোমবার পাবনায় অনুষ্ঠিত কমিটির সভায় তেল চুরি ও পাচার প্রতিরোধে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী (ইউএনও) দায়িত্ব দেওয়া হয়।সভা সূত্রে জানা যায়, ইঞ্জিনে তেল নেওয়ার সময় কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে সংঘবদ্ধ একটি চক্র ডিপো থেকে তেল চুরি ও পাচার করে। সভায় ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস জানান, তেল চুরির ফলে রেলের প্রচুর ক্ষতি হচ্ছে। এ ছাড়া এই চক্রটি লোকো কারখানা থেকে রেলের অনেক যন্ত্রাংশ চুরি করে নিয়ে যাচ্ছে। রেলওয়ে লোকোমোটিভ কারখানার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, অফিস চলাকালে কখনো তেল চুরি হয় না। তবে অফিসের পর লোকো এলাকা ছাড়াও ঈশ্বরদীর মুলাডুলি ও নাটোরের লালপুর উপজেলার শ্রীরামগাড়ি এলাকায় প্রকাশ্যে রেল ইঞ্জিন থেকে তেল পাচার করা হয়। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কারখানার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (ফুয়েল) আবদুল খালেক মণ্ডল। তিনি বলেন, তেল চুরির খবর ভুয়া। এখানে কোনো চক্র নেই।